সাকিব শাওন »
শুধুমাত্র যখন ক্রিকেটার পরিচয় ছিল মাশরাফি বিন মুর্তজার তখনো ব্যক্তিগত উদ্যোগে অনেকবারই নিজ এলাকা নড়াইলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য, সেই হিসেবে এখন তার দায়িত্বের ভারও বেশি। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি এবার নিজের সবটুকু মানুষের সেবায় প্রতিনিয়ত উজাড় করে দিচ্ছেন। তাই এবার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর নির্বাচনী এলাকা নড়াইল ও লোহাগড়া উপজেলায় ডাক্তাররা যাতে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দেয় সে ব্যবস্থা করেছেন তিনি।

এ বিষয়ে স্থানীয় এক গণমাধ্যমকে মাশরাফি বলেছেন, ‘সাধারণ জ্বর,সর্দি-কাশি হলেই ভয়ে এখন কেউ হাসপাতালে দিকে পা বাড়াতে সাহস পাচ্ছে না। আবার অনেকেই ভুগছেন অন্যান্য সব রোগে।তারা করোনার ভয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা না নিয়ে বাড়িতে বসে কষ্ট পাচ্ছেন। সে জন্যই লোহাগড়া ও নড়াইলে আমরা এই ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।মাশরাফি মনে করেন নতুন এই উদ্যেগের ফলে অনেকে আর বিনা চিকিৎসায় ঘরে বসে কষ্ট পাবে না। খবর পেলেই ডাক্তার রোগীর বাড়িতে গিয়ে উপস্থিত হবেন এবং সঠিক চিকিৎসা দিবেন। আর কেউ যদি অসুস্থ বোধ করেন তাহলে যেনো নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চিকিৎসা সেবার নম্বরে ফোন করবেন।’
এর আগে মাশরাফি তার নিজ এলাকায় ডাক্তারদের জন্য ৫০০ টি পিপিই প্রদান করেন, সাথে ১২০০ দরিদ্র পরিবারকে নিত্য-প্রয়োজনীয় খাদ্য দ্রব্য দিয়ে সহয়তা করেন। এছাড়া করোনা ভাইরাস চিকিৎসা সেবা উন্নত করার লক্ষ্যে একটি এ্যাম্বুলেন্স ও দেন।
