কে এম আবু হুরায়রা »
করোনা ভাইরাস মোকাবিলায় যেনো বারবারই ছক্কা হাঁকিয়েই যাচ্ছেন ভারতীয় সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
এবার কলকাতার ১০’হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন প্রিন্স অব কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলির গড়া সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন। ১০ হাজার মানুষের খাবার দান করেন হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস (ইসকন) এর হাতে।

গতকাল নিজের টুইটার একাউন্টে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এটি একটি অন্যরকম সময় ছিলো। মানুষের জীবন ধারনের জন্য সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন (এসজিএফ) এর একটি ছোট্ট অবদান। ধন্যবাদ রাজ্য, কেন্দ্রীয় সরকার এবং সকল সমাজকর্মী যারা অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন এদেশের মানুষের জন্য।’
এ সময় সৌরভ গাঙ্গুলির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসকনের সহ-সভাপতি রাধারামন দাস নিজের টুইটার একাউন্টে লেখেন, ‘শ্রী সৌরভ গাঙ্গুলিকে অনেক ধন্যবাদ কোলকাতার দৈনিক ১০’হাজার মানুষের খাবার দান করার জন্য। তাঁর অধিনায়কত্বে ইসকন ক্ষুধার্ত পরিবারের জন্য লড়াই করার আত্মবিশ্বাস পায়৷ এটি দাদার খেলা সেরা ইনিংস। ধন্যবাদ।’

এর আগেও করোনা মোকাবেলায় বেশ ভূমিকা রেখেছেন এই কলকাতার যুবরাজ। রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকার চাল থেকে শুরু করে বিভিন্ন ভারতীয় দাতব্য সংস্থান এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে দান করেছেন সৌরভ গাঙ্গুলি। নিজের এই কাজকে চালিয়ে যাওয়ার জন্য সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন (এসজিএফ) এর সূচনাও করেন এই ক্রিকেটার।
