সাকিব শাওন »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন রোহিত শর্মা। সে সুবাদে বিভিন্ন সময় অনেক কোচের অধীনে খেলতে হয়েছে হিটম্যান খ্যাত রোহিত শর্মাকে। অনেক কোচের অধীনে খেলার পরও সবার চেয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে তিনি কোচ হিসেবে এগিয়ে রাখছেন।
২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং দায়িত্ব পান পন্টিং। সেবার তার অধীনে মুম্বাই চ্যাম্পিয়ন হয়। ২ বছর দলটির কোচিংয়ের দায়িত্ব পালন করেন পন্টিং। এরপর মুম্বাইয়ের নতুন কোচ হয়ে আসেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে।
পিটারসেনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে শর্মার পছন্দের কোচ কে এমন প্রশ্নের উত্তরে শর্মা বলেন, ‘একজন কোচকে বেছে নেওয়াটা বেশ কঠিন কাজ। কারণ অনেক পছন্দের এবং সেরা কোচ আছে তবে আমি এগিয়ে রাখবো রিকি পন্টিংকে। তাঁর সাথে কাজ করা সময়টা ছিল জাদুর মতো। সে দলকে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করতে ব্যাপক ভূমিকা পালন করতো। তরুণ ক্রিকেটারদের বেশি সহয়তা করতেন রিকি, আমাকে অধিনায়কত্বের ব্যাপারেও নানা তথ্য দিয়ে সাহায্য করতেন । আমি তাঁর কাছ থেকে অনেক অজানা কিছু শিখেছি।’
বর্তমানে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সকল খেলাধুলার ইভেন্ট বন্ধ রয়েছে। এ মাসেই আইপিএল হওয়ার কথা থাকলেও সেটা হবে কি না এ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। ক্রিকেটাররা এ দুর্যোগে বাসায়ই পরিবারের সাথে সময় উপভোগ করছেন। অপেক্ষা করছেন মাঠে ফেরার জন্য।
