সাকিব শাওন »
সমাজে অসহায়-দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনেক বিত্তবানরা থাকেন তবে ‘তৃতীয় লিঙ্গের হিজড়া’ সম্প্রদায়ের পাশে কাউকে প্রত্যক্ষভাবে লক্ষ্য করা য়ায় না। বর্তমানে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে রুটি রুজি সব বন্ধ তাদেরও। তাদের সাহায্যের ব্যাপারটা ভাবনায় এসেছে খুবই কম মানুষের, এই কমদের মধ্যে একজন মনে রেখেছেন তাদের কথা তিনি জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।
কয়েকদিন আগে থেকেই অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন এই ক্রিকেটার, পৌঁছে দিচ্ছেন খাবার সহ পোশাক। তাই এর ধারাবাহিকতায় এবার তার ভাবনা জুড়ে স্থান পেয়েছে সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়। গতকাল ময়মনসিংহে নিজ এলাকার বেশকিছু হিজড়াকে ত্রানসামগ্রী তুলে দেন মোসাদ্দেক। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহুর্তে দেশের যে পরিস্থিতি তাতে করে মানুষ অভাবের মধ্যে জীবন-যাপন করছে। আলাদা করে বলতে গেলে যারা দিন আনে দিন খায় এমন মানুষ গুলো যাদের ইনকামের সকল পথই এখন বন্ধ রয়েছে। তাই প্রথমেই তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। এরপর দেখলাম যে যারা হিজড়া আছেন, তাদের পাশেও কেউ নেই। ওদের সব আয়ের পথ গুলো বন্ধ। ওদের কেউ বাসাতেও ঢুকতে দেয়না, অন্য চোখে দেখে। এরাও তো মানুষ, তাই আমি আমার নিজের এলাকাতে এমন (হিজড়া) যারা আছে তাদের কিছুটা হলেও পাশে থাকার চেষ্টা করেছি।’
করোনা ভাইরাসের কারণে আপাতত বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই সকল ধরণের খেলা স্থগিত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সাথে। খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম ও করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন, সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক নির্দেশনার পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন অনেক খেলোয়াড়রা।
