এবার চিকিৎসা দিবে মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশন

মোহাম্মদ সোহেল »

মারাত্মক ছোঁয়াচে করোনা ভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দেশের সাধারণ রোগীরা। মৌলিক চাহিদার অন্যতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দেশের অসংখ্য সাধারণ রোগী। করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের যাওয়া একেবারে নিষেধ। আর অন্যান্য হাসপাতালগুলোতেও সাধারণ সর্দি, জ্বর, কাশি সহ অন্যান্য রোগের চিকিৎসা দেওয়া হচ্ছেনা করোনা ভাইরাস ছড়ানোর ভয়ে।

নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বসে থাকার পাত্র নয়। তাঁর গড়া প্রতিষ্ঠান ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এগিয়ে এসেছে নড়াইলের সাধারণ রোগীদের দুঃখ দূর করতে। ফাউন্ডেশন থেকে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করেছেন মাশরাফি বিন মর্তুজা। আগামী ৫ মার্চ থেকে সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হবে এই ভ্রাম্যমাণ হাসপাতাল থেকে।

মাশরাফি বলেন, ‘প্রিয় নড়াইল বাসী আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী পরশু থেকে ভ্রাম্যমাণ চকিৎসা ব্যবস্থা চালু করছে। আমরা মনে করছি খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাও জরুরি কারণ করোনা রোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন তারা যেন সঠিক চিকিৎসা পায় এজন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন এবং ওখানে দুটো নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন দিয়ে শুরু করছি ডাক্তার দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মিনী ডাক্তার স্বপ্না রানী সরকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার নড়াইলের সন্তান এবং নড়াইলকে সহযোগিতা করার জন্য। আপনারা এগিয়ে এসেছেন আশা করছি নড়াইলের আরো যারা ডাক্তাররা আছেন, নড়াইলের সন্তান, আপনারাও এগিয়ে আসবেন।’

এছাড়া মাশরাফি সবাইকে ঘরে থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরী আপনার ঘরে থাকা। আমি আশা করছি আপনারা ঘরে থাকবেন ধৈর্য ধারণ করবেন এবং এই সমস্যা খুব তাড়াতাড়ি উতরে উঠবো বলে আশা করছি। আপনাদের আবারো বলছি আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা চিকিৎসা ব্যবস্থার যেটা চালু হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে সঠিকভাবে চিকিৎসা নেবেন। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদের কে সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পুরো টিমকে ধন্যবাদ জানাই সুন্দর একটি গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করি প্রিয় নড়াইলবাসী উপকৃত হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »