সাকিব শাওন »
টেস্ট ক্রিকেটকে বলা হয়ে থাকে ঐতিহ্যের খেলা। বর্তমানে চার-ছক্কার আধুনিক ক্রিকেটের যুগেও টেস্ট ক্রিকেট আছে ঠিক তার আগের পুরোনো স্থান নিয়ে। এখনো একজন ক্রিকেটার চায় টেস্ট ক্রিকেটে তাকে মেলে ধরতে, টেস্ট ক্যাপ মাথায় রাখতে, কারণ এটা যে ঐতিহ্যের ছোঁয়া বহন করে।
ভারতীয় কাপ্টেন ভিরাট কোহলিকে বলা হয় বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিন ফরম্যাটেই সমানভাবে দাপট দেখিয়ে যাচ্ছেন। ব্যাট হাতে নিজেকে প্রতিদিনই নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। কোহলি মনে করেন তার কাছে টেস্ট ক্রিকেটই সেরা, টেস্ট ক্রিকেটই তাকে গড়ে তুলেছে পরিপূর্ণ মানুষ।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বের সব খেলাধুলার ইভেন্ট আপাতত স্থগিত হয়েছে। ঘরবন্দী অবস্থায় রয়েছেন সকল ক্রীড়াবিদরা। তেমনি ভারতীয় অধিনায়ক কোহলিরও সময় কাটছে ঘরে বসেই। আর এই অবসর সময়ে ইনস্টাগ্রাম লাইভে এসে সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেনের সঙ্গে দিলেন এক আড্ডা। অনেক বিষয়ের আলাপে জানালেন টেস্ট ক্রিকেটই তার পছন্দের ফরম্যাট।
পিটারসেনের করা প্রশ্ন ছিলো টেস্ট ক্রিকেট সম্পর্কে। জবাবে কোহলি বলেন, “টেস্ট ক্রিকেট,টেস্ট ক্রিকেট, টেস্ট ক্রিকেট, টেস্ট ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট। আমি পাঁচবার বলেছি। আপনি রান পান বা না পান, অন্যের ব্যাটিংয়ের সময় হাততালি দিতে হবে। কারণ এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য।”
