সাকিব শাওন »
বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত ওপেনার সাদমান
ইসলাম চোট পেয়েছিলেন কয়েক মাস আগে হাতের কব্জিতে। গত মাসের ১১ মার্চ তাঁর সফল অস্ত্রোপচার হয়েছিলো অস্ট্রেলিয়ার মেলবোর্নে শহরে। দেশে ফিরেই ছিলেন হোম কোয়ারেন্টাইনে। করোনা ভাইরাসের কারণে ২ সপ্তাহ ছিলেন ঘরবন্দী এরপর পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি একসাথে খাবারও খেয়েছেন সাদমান।
কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়ে দারুণ উচ্ছাসিত ছিলেন এই বাঁহাতি ওপেনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভেবে শান্তি পাচ্ছি যে আমি এখন মুক্ত। দীর্ঘ সময় পর আমি আমার পরিবারের সাথে এক টেবিলে খাবার খেয়েছি এবং এটা আমার জন্য অন্যরকম এক অনুভূতি কারণ এই ১৪ দিন সবাই আমার কাছ থেকে দূরে অবস্থান করছিলো।’
তবে নিজের বর্তমান সময় সম্পর্কে জানাতে গিয়ে সাদমান বলেন, ‘বাসাতেই আছি। সরকারের নিদের্শনা ছিল ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার। আমি থেকেছি। বাসায় শুয়ে-বসে দিন যাচ্ছে। তবে সমস্যা হচ্ছে বাইরে যেতে না পারার কারণে হাতের অপারেশনের যে ড্রেসিং করা প্রয়োজন তা করাতে পারছি না। হাসপাতালেও রিস্ক রয়েছে এজন্য একটু চিন্তিত।’
এদিকে তিনি আবার বলেন বিসিবি চিকিৎসক দেবশীষ চৌধুরি তাকে বাসায়ই থাকারই পরামর্শ দিয়েছেন।
