সাকিব শাওন »
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ইংল্যান্ডে স্থানীয় থেকে শুরু করে প্রতিযোগিতা মূলক সব ধরণের ক্রিকেট বন্ধ রয়েছে। কবে নাগাদ মাঠে ক্রিকেট ফিরবে কেউ বলতে পারছেন না। তবে যদি খেলা দেরিতে মাঠে গড়ায় তাহলে সূচিতে বিপর্যয় ঘটবে। আর এর ফলে একই দিনে টেস্ট এবং টি-টোয়েন্টি খেলতে দেখা যেতে পারে ইংল্যান্ড দলকে।
এমনটা হলে মোটেও সমস্যার কোন কারণ দেখছেন না ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। করোনা ভাইরাসের কারণে আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
তবে সামনের দুয়েক-মাস পরেই রয়েছে ব্যস্ত সময়। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। আর এই সিরিজ যদি পিছিয়ে যায় তাহলে টি-২০ বিশ্বকাপের সাথে এক সাথে চালিয়ে যেতে হবে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথাও রয়েছে ইংলিশদের। তাইতো এমন সূচিতে একই দিনে দুই ম্যাচ খেলাকে স্বাগত জানাচ্ছেন মরগান।
এ ব্যাপারে মরগান বলেন, ‘এমন অভিজ্ঞতা অন্য কোন দলের কখনও হয়েছে বলেও মনে হয় না। তবে যত বেশি ক্রিকেট খেলার সুযোগ পাবো ততোই আত্নবিশ্বাস বাড়বে আমাদের খেলোয়াড়দের। আশা করছি সূচি নিয়ে দলের সবাই সমর্থন দেবে, আমি তো অবশ্যই দেবো।’
