ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করেছেন তাসকিন!

মারুফ ইসলাম ইফতি »

সারাবিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস তার অভিশপ্ত কালো থাবায় পুরো বিশ্বকে স্থবির করে দিয়েছে।

করোনা আতঙ্কে এই মুহুর্তে সারাবিশ্বে বিরাজ করছে আতঙ্ক। করোনার প্রভাবে দেশ লক ডাউন থাকায় এই মুহুর্তে সবচেয়ে বড় বিপাকে গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো। এই বিষয়টি চোখ এড়ায়নি জাতীয় দলের পেসার তাসকিন আহম্মেদ তাজিমের। আর তাই নিজের ২৫তম জন্মদিনের আগে উপহার সরূপ নিজেদের বাসায় ভাড়াটিয়া পরিবার গুলোর ১ মাসের ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন ও তার পরিবার।

প্রতিবছর নিজের জন্মদিনে বাবার কাছ থেকে বিশেষ উপহার পেয়ে থাকেন তাজিম। এই বছর নিজের জন্মদিনের আগে নিজেই বাবার কাছে চেয়ে নিয়েছেন উপহার! বাবার কাছে উপহার হিসেবে চেয়েছেন তাদের বাসায় ভাড়ায় থাকা মধ্যবিত্ত পরিবার গুলোর বাসা ভাড়া যেন এক মাসের জন্য মওকুফ করা হয়। দেশের এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবার গুলোর জন্য পরিবার নিয়ে টিকে থাকাটাও অনেক কষ্টের হবে।তাই এই পরিস্থিতিতে তাদের বাসা ভাড়া মওকুফ করে দেওয়া হলে কিছুটা হলেও উপকৃত হবে পরিবার গুলো এমন বক্তব্যে বাবার কাছে জন্মদিনের অগ্রিম এই অদ্ভুত উপহার চেয়ে বসেন তাসকিন। বাবা আব্দুর রসিদ মনু আর দ্বিমত না করেই ছেলের ইচ্ছাতেই ভাড়াটিয়াদের ১ মাসের ভাড়া মওকুফ করে দেন।

এই ব্যাপারে তাসকিন বলেন, ‘দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে অনেক চিন্তাভাবনা করে দেখলাম মধ্যবিত্ত এই পরিবার গুলোকে অনেক সংগ্রাম করতে হচ্ছে তাদের জীবনযাপনে। আর ওরা কারো কাছে কিছু চাইতেও পারে না। ব্যাপারটা এমন নয় যে আমাদের অনেক অর্থ আছে। তবে এই মুহুর্তে ওদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।আমি এক মাস ঠিকভাবে খেলতে পারলে এই ঘাটতিটা পূরন হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই মুহুর্তে আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে।’

তাসকিন আরো যোগ করেন, ‘এপ্রিলের ৩ তারিখ আমার জন্মদিন। বাবা প্রতিবছর জন্মদিনে আমাকে কোন না কোন বিশেষ উপহার দিয়ে থাকেন, এবার বাবার কাছে অগ্রিম নিজে থেকেই এই উপহার চাইলাম। বাবাও বীনা সংকোচে রাজী হয়ে গেলেন। আসলে আমাদের সবার উচিৎ এইভাবে আশেপাশের মানুষ গুলোকে সাহায্য করার। যদিও এই বিষয়টি গোপন রাখার ইচ্ছা ছিল, পরবর্তীতে ভাবলাম আমার দেখাদেখি অন্য কেউ যদি এই এমন উদ্দ্যেগ নেয় তাহলে আরো মানুষ উপকৃত হবে।’

উল্লেখ্য চলতি এই করোনা ট্রাজেডিতে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। আমাদের বাংলাদেশও এই মুহুর্তে বিশ্বের অন্য দেশ গুলোর মতো লক ডাউনে।গরিব,নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলোকে অনেক সংগ্রাম করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনের অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সাহায্যের এই তালিকায় অনেকটা ব্যতিক্রমধর্মী উদ্যোগে নিজেকে যুক্ত করলেন তাসকিন আহম্মেদও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »