কে এম আবু হুরায়রা »
করোনা ভাইরাসের মোকাবেলায় নাকের জলে চোখের জলে অবস্থা সারা বিশ্বের। ইতালি, স্পেন, আমেরিকাসহ বিশ্বের বড় বড় শক্তিধর দেশও হিমসিম খাচ্ছে এর মোকাবেলায়। তবে এ ব্যর্থতার মাঝেও বিশ্বের ডাক্তারদের মাঝে যে আন্তরিকতা এবং মানবতার স্বার্থে দিন-রাত পরিশ্রম নজর কেড়েছে সবার।
চারদিকে তাদের প্রশংসার সুর শোনা যাচ্ছে। ওয়ার্নারও নিজের ন্যাড়া মাথায় স্যালুট দিয়েছেন ডাক্তারদের। আজ পাকিস্তানের সাবেক পেসার, বর্তমান বোলিং কোচ ওয়াকার ইউনুস বিশ্বের সমস্ত ডাক্তারদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি ইউনুসের স্ত্রীও একজন ডাক্তার। নিজের স্ত্রীকে নিয়ে কিছুটা ভয় থাকলেও গর্বও হয় তার।
নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে ওয়াকার ইউনুস বলেন,” খুব ভয় লাগে যখন সকালে ফারিয়াল (ওয়াকারের স্ত্রী) হাসপাতালের জন্য বের হয়ে যায়। কিন্তু সে ঘরে ফিরলে নিজেকে খুবই তৃপ্ত মনে হয়। আমি গর্বের সঙ্গে আমার স্ত্রীকে একজন সত্যিকারের বীর বলতেই পারি৷”
নিজেদের পরিবারের কথা না ভেবে আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন চিকিৎসকরা। এতে গর্বিত হতেই পারেন ওয়াকারসহ সকল চিকিৎসক পরিবারই৷ কারন এই যুদ্ধের ফলাফল যাই হোক এই যোদ্ধারা বিজয়ী৷
