সাকিব শাওন »
বর্তমান সময়ের ক্রিকেটে জনপ্রিয় হার্ডহিটার ওপেনার রোহিত শর্মা, এতে কারো কোনো দ্বিমত থাকার কথা নয়। ক্রিকেট মাঠে যেমন বড় বড় ছক্কা হাঁকান তেমনি মনের দিক থেকেও তিনি অনেক বড়। মরণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
তাইতো করোনা ভাইরাসের বিরুদ্ধে মাঠের বাইরের লড়াইয়ে জিততে আর্থিক সাহায্য নিয়ে হাজির হলেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা। চারটি ভিন্ন ফান্ডে তিনি মোট ৮০ লাখ রুপি অনুদান দিয়েছেন তিনি। ভারতের প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্টেন্স এন্ড রিলিফ ইন ইমার্জেন্সি সিচুয়েশনস ফান্ড (পিএম কেয়ারস ফান্ড) এ ৪৫ লাখ, মহারাষ্ট্রের চীফ মিনিস্টার’স রিলিফ ফান্ডে ২৫ লাখ, জোমাটো ফিডিং ইন্ডিয়াতে ৫ লাখ ও ওয়েলফেয়ার অব স্ট্রে ডগসে ৫ লাখ ভারতীয় রুপি অনুদান হিসাবে দিয়েছেন তিনি।
৩২ বছর বয়সী এই হিটার ওপেনার নিজের টুইটার একাউন্টে নিশ্চিত করেছেন এই অনুদানের কথা। তিনি লেখেন সেখানে, ‘আমাদের দেশকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে হলে এর দায় ভার আমাদেরই নিতে হবে। আমি ক্ষুদ্র কিছু সাহায্য করেছি। আপনারা যে যাঁর জায়গা থেকে এগিয়ে আসুন।’
