নিউজ ডেস্ক »
অভিশপ্ত করোনাভাইরাসের প্রভাবে সারাবিশ্ব আছে থমকে। বিশ্বের অন্যান্য দেশ গুলোর মতো এই মুহুর্তে করোনা আতঙ্কে আছে বাংলাদেশও। পুরো বাংলাদেশ এখন অঘোষিত লক ডাউন। এর ফলে বেশ বিপাকে পড়েছে সুবিধাবঞ্চিত ও দিনমজুর মানুষেরা। দেশের এমতাবস্থায় মানবতার টানে অসহায় এই পরিবার গুলোর পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এবার এসব মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিজ্ঞ ক্রিকেটার অলক কাপালি। নিজস্ব অর্থায়নে ৫০ টি সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছেন তিনি। আজ তাঁর নিজ এলাকা সিলেটে এসব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন অলক।
এ ব্যাপারে এই ক্রিকেটারের সাথে নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কথা হলে তিনি জানান, ‘বিশ্বব্যাপী করোনা মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশেও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আমাদের উচিত নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সচেতন থাকা। তবে খেটে খাওয়া, দিন মজুর মানুষেরা পড়েছেন বিপাকে। আমাদের উচিত নিজেদের সাধ্যমত তাদের পাশে দাঁড়ানো। আমি আমার জায়গা থেকে এগিয়ে এসে চেষ্টা করেছি কয়েকটা মানুষের মুখে হাসি ফুটানোর। আপনারাও এগিয়ে আসুন।’
