গাজী নাসিফুল হাসান »
করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ আইপিএল এর এবারের আসর পিছিয়ে দেয়া হয়েছে ১৫ই এপ্রিল পর্যন্ত। তবে করোনার যে প্রকোপ বাড়ছেই তাতে বলা যায় যে, ১৫ই এপ্রিলে আইপিএল শুরু হবার সম্ভাবনা অনেক কম। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিসিআই।
তবে করোনার প্রকোপ কেটে যদিও যায় তারপরও বলা মুশকিল যে কবে নাগাদ আইপিএল অনুষ্ঠিত হবে। কেননা করোনার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট প্রভাব পড়েছে। আর এর কারণে পরবর্তীতে ফাঁকা সময় বের করা অনেক কঠিন হবে।
আইপিএল হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইয়ের সোনার ডিম। এই আইপিএল দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা হয়। বিসিসিআইও অনেক টাকা আয় করে। আর তার জন্য এবারের আইপিএল যেন বাতিল না হয় সেজন্য বিকলূ চিন্তা করছে বিসিসিআই। তার মধ্যে একটি হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়টা।
এবারের অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবার কথা ১৮ অক্টোবর। করোনা ভাইরাসের কারণে যদি এবারের বিশ্বকাপ কোনোভাবে বাতিল বা নড়চড় হয়ে যায় তবে সেই সময়টা কাজে লাগাতে চায় বিসিসিআই। বিসিসিআই চায় সেসময়টাতে আইপিএল আয়োজন করতে। বার্তা সংস্থা আইএনএসকে এমন কথা জানিয়েছেন বিসিসিআই এর এক কর্মকর্তা। এটিও শোনা গিয়েছে যে বিসিসিআই নাকি আইপিএল আয়োজনের জন্য আইসিসিকে বিশ্বকাপ পেছানোর জন্য অনুরোধ করেছে।
বিসিসিআই এর সেই কর্তা বলেছেন, ” বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে করে যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তবেই আমারা আয়োজন করতে পারবো আইপিএল অন্যথায় নয়। করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে আগে সেটি থামাতে হবে এবং মানুষকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক জীবনে ফেরাতে হবে।”
তবে বিশ্বকাপ যদি পিছিয়ে যায় তবে বিশ্বকাপের এই মহা গুরুত্বপূর্ণ আসরটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এটি অকপটে স্বীকার করেছেন সেই ই কর্তা। তিনি বলেছেন, ” এবারের বিশ্বকাপ যদি পিছিয়েই যায় তবে তার কোনোভাবেই ২০২২ সালের আগে আয়োজন করা সম্ভব নয়। কারণ এর আগে কোনো জায়গা ফাঁকা নেই।”
