মারুফ ইসলাম ইফতি »
অভিশপ্ত করোনাভাইরাসের প্রভাবে সারাবিশ্ব এখন থমকে আছে। করোনা আতঙ্কে বিশ্বের অন্য দেশ গুলোর মতো এই মুহুর্তে সতর্ক অবস্থানে থেকে লক ডাউন পুরো বাংলাদেশও। যার ফলে খেটে খাওয়া পরিবার গুলো যারা দিনে এনে দিনের আহার যোগাতো তাদের জন্যও দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাটাও দায় হয়ে পড়েছে। দেশের এমতাবস্থায় মানবতার টানে অসহায় এই পরিবার গুলোর পাশে দাঁড়াচ্ছে অনেকে। এবার এই তালিকায় নিজেকে যুক্ত করলেন দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক মোহাম্মদ জসিম উদ্দিন।
করোনার অভিশপ্ত কালো থাবায় এই মুহুর্তে স্থবির হয়ে আছে সারা বিশ্বের মতো আমাদের বাংলাদেশও। এমন পরিস্থিতিতে সারাদেশের অগনিত অসহায় পরিবার গুলোর মতো খাবারের অভাবে চরম কষ্টে জীবনযাপন করছে জসিম উদ্দিনের বাসস্থান ফকিরাপুল টিএনটি কলনীর আশেপাশের এলাকার গরিব অসহায় পরিবার গুলোও। প্রতিবেশী এই সুবিধাবঞ্চিত পরিবার গুলোর ঠিকভাবে খেতে না পারার দৃশ্যটি চোখ এড়ায়নি মানবতার কল্যানে সবসময় নিবেদিত প্রান দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিনের। মধ্যবিত্ত পরিবারের সন্তান জসিম উদ্দিন সিদ্ধান্ত নেন নিজের সাধ্যানুযায়ী অসহায় এই পরিবার গুলোর পাশে দাঁড়ানোর। যার ফলশ্রুতিতে আজ (মঙ্গলবার) নিজ কলনীর প্রধান গেটে সামনে সুবিধাবঞ্চিত ৪০ টি হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করেন জসিম।

অসহায় এই পরিবার গুলোর এই দুঃসময়ের ওদের পাশে দাঁড়ানো নিউজ ক্রিকেট টোয়েন্টিফোরের কর্ণধার ও দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিন নিউজ ক্রিকেট টোয়েন্টিফোরকে বলেন, ‘দেশের এমন মহামারি অবস্থায় আপনি, আমি, আমরা কোন না কোনভাবে দুবেলা দুমুঠো ঠিক খেতে পারছি। কিন্তু যারা দিনে এনে দিনে খায়, তাদের তো এখন সমস্ত কাজ বন্ধ,তাই তাদের জন্য বেচে থাকাটাও দায় হয়ে পড়েছে। আমার এলাকার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসখ্য হতদরিদ্র পরিবার। সুবিধাবঞ্চিত ওই পরিবার গুলোও আমার কাছে আমার পরিবারের মতো। দেশের এমন খারাপ পরিস্থিতিতে প্রতিবেশী হিসেবে আমার উপর তাদের হক রয়েছে। তাই এইভাবে তাদের অসহায় অবস্থা নিজের চোখে দেখে নীরব থাকা সম্ভব না। আমি মধ্যবিত্ত, তাই এর চাইতে বেশি কিছু করা সম্ভব হয়নি আমার পক্ষে। তবে জিনিস গুলো উনাদের হাতে তুলে দেওয়ার পর উনাদের চোখে মুখে যে আনন্দ ও তৃপ্তির হাসি আমি দেখেছি তাই আমার জন্য অনেক বড় মানসিক প্রশান্তির।’

এছাড়া জসিম উদ্দিন নিজের বক্তব্যে দেশবাসীকে অনুরোধ করে আরো বলেন, ‘আপনারাও যার যার অবস্থান হতে এইভাবে আশেপাশের অসহায় সুবিধাবঞ্চিত মানুষ গুলোকে নিজেদের সাধ্যানুযায়ী সাহায্য করুন। হয়তো দরিদ্র এই পরিবার গুলো আপনাদের সাহায্যের আশায় তাকিয়ে আছে। আশে পাশের মানুষ গুলোকে নিজের সাধ্যানুযায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি করোনা থেকে সচেতন থাকার জন্য বার্তা গুলো তাদের কাছে পৌঁছে দেন।’
দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক এইভাবেই প্রতিনিয়ত আশেপাশের হতদরিদ্র অসহায় মানুষ গুলোকে সাহায্য করে আসছেন। এইভাবে দেশের মহামারি এই পরিস্থিতিতে দেশের প্রতিটি পাড়া মহল্লায় তৈরি হোক জসিম উদ্দিনের মতো মানবতার ফেরিওয়ালার এই কামনা আমাদের সবার।
