নিউজ ডেস্ক »
মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস বা কোভিড-১৯। পুরো বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়েই চলছে এর প্রভাব। বাড়ছে মৃত্যুর মিছিল। বাংলাদেশেও ইতিমধ্যে ছড়িয়ে গিয়েছে ভয়ংকর এই প্রাণঘাতী ভাইরাস। এর এজন্যই সারাদেশে জুড়ে দেওয়া হয়েছে অঘোষিত লকডাউন।
লকডাউনে বাসা থেকে বের হওয়া নিষেধ বলে বিপাকে পড়েছেন দিন মজুর অবহেলিত মানুষেরা। তবে আশার কথা হলো এসব অবহেলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন নতুন, পুরনো ক্রিকেটাররা। ক’দিন আগেই জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৭ ক্রিকেটার করোনা ভাইরাস মোকাবেলায় প্রায় ৩০ লক্ষ টাকা দান করেছেন। থেমে নেই সাবেকরাও। নান্নু, বাশার, আকরামরাও এসেছেন এগিয়ে।

এবার করোনা ভাইরাস মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ১ম টেস্ট ম্যাচ জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। গতকাল সিলেটে অসহায় ৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। এছাড়া সবাইকে সচেতন থাকার আহবানও জানিয়েছেন এনামুল। এ ব্যাপারে নিউজ ক্রিকেট ২৪ ডট কমের সাথে কথা হলে তিনি জানান, ‘করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের বিত্তবানদের উচিত এগিয়ে আসা এবং সাধ্য অনুযায়ী অবহেলিত, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এছাড়া এই সময়টাতে সবাইকে সচেতন থাকার বিকল্প নেই। সবাইকে বাসায় থাকতে হবে। একসাথে সবাই মিলে এই ভয়ংকর করোনাভাইরাস মোকাবেলা করতে হবে।’
