নিউজ ডেস্ক »
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস বা কোভিড-১৯। এর প্রভাবে অচল হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও হয়েছে স্থগিত। তবে আশার কথা হলো ঘরে বসে নেই ক্রিকেটাররা। এই দূর্যোগময় সময়ে অসহায় অবহেলিত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। দিন কয়েক আগেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা নিজেদের বেতনের ৫০ ভাগ দিয়েছেন করোনা মোকাবেলায়। এবার এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন ও তার স্ত্রী এনি লস্কর।

আজ নাজমুল হোসেনের নিজ এলাকা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় অসহায় শ্রমজীবী মানুষদের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ ব্যাপারে ক্রিকেটার নাজমুল হোসেনের স্ত্রী হবিগঞ্জ জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক এনি লস্করের সাথে কথা হলে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে জানান, ‘এই সময়ে আমাদের উচিত সচেতন থাকা। কেননা করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। একইসাথে খেটে খাওয়া মানুষ বা দিনমজুর যারা তাদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। কেননা এই মানুষগুলো এখন বিপাকে পড়েছে। আমরা আজ এসব মানুষদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আর সবার প্রতি অনুরোধ থাকবে জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে যাবেন না।’
উল্লেখ্য, দুই দিন আগে ক্রিকেটার নাজমুল হোসেন ও তার স্ত্রী এনি লস্কর তার এলাকা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়ও অবহেলিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন।।
