সাকিব শাওন »
বিশ্বজুড়ে সবাই এখন করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে আর্থিক ভাবে এগিয়ে আসছেন অনেক দেশের ক্রিকেটাররা। কেউ সরাসরি অর্থ প্রদান করছেন, কেউ বা বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় সব জিনিস সরবরাহ করে অবদান রাখছেন করোনা মোকাবেলায়।
ভারতে শচীন-সৌরভসহ অনেক ক্রিকেটার অনুদান দিয়েছেন এবার সাহায্যের অনুদান নিয়ে হাজির হলেন হার্ডহিটার ব্যাটসম্যান সুরেশ রায়না। অন্তিম পরিস্থিতিতে ভারতের এই ব্যাটসম্যান সরকারের তহবিলে দিচ্ছেন ৫২ লাখ রুপি। যা এখন পর্যন্ত ভারতের হয়ে কোনো ক্রীড়াবিদের সর্বোচ্চ আর্থিক সহায়তা করোনা মোকাবেলায়।
৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘এখনই সময় করোনাকে হারানোর তাঁর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
রায়না আরো বলেন, ‘আমি করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য ৫২ লাখ রুপি দিচ্ছি আশা করবো আপনারাও কিছু করবেন। যাঁর যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই এগিয়ে আসুন।’
এখন পর্যন্ত করোনা ভাইরাসে ভারতে মারা গিয়েছেন ২১ জন। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজার। আপাতত ২১ দিনের জন্য লকডাউনে আছে ভারত।
