রীম রহিম »
করোনাভাইরাস সব দিকে বেশ ভালোভাবেই প্রভাব ফেলেছে। দেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ ১৭ ক্রিকেটার একটি তহবিল গঠন করে তাদের মাসিক বেতন থেকে পঞ্চাশ শতাংশ করে অর্থ দিয়েছে। এই ১৭ জনের সাথে ছিলো আরো ১০ ক্রিকেটার যারা গত সিরিজে ছিলেন। তাদের সবার সমন্বয়ে প্রায় ৩১ লাখ টাকার উপর অনুদান উঠে। এবার তাদের এই নিয়মে আরো একটি তহবিল করে সাহায্যের হাত এগিয়ে দিতে চান সাবেক ক্রিকেটাররা।
সাবেক ক্রিকেটারদের একত্রিত করার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বোর্ড ডিরেক্টর আকরাম খান। তিনি বলেন, ‘এখন পরিস্থিতি এমন যে সবাই বিচ্ছিন্ন, তবুও যারা আর্থিকভাবে সচ্ছল তাদের নিয়ে এই করোনায় সাহায্য করতে চাই। আমরা দু-একদিনের মধ্যে বসে কাজ শুরু করবো। প্রথমে একটি তহবিল গঠন করা হবে। তারপর সেখানে যে যার সাধ্যের মধ্যে অনুদান দেয়ার চেষ্টা করবে। এটাই আশা রাখি।’
তিনি আরো বলেন, ‘প্রথমে আমরা অর্থ সংগ্রহ করবো। তারপর প্রয়োজন বুঝে সাহায্য করবো। সেটা করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্যও হতে পারে, আবার যারা এই পরিস্থিতিতে অভাবে আছেন,একদম দরিদ্র অভাবি মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করবো।’
সাবেক ক্রিকেটার যারা অনুদান দেয়ার মত সামর্থ্য রাখেন তাদের সাথে যোগাযোগ করা হবে। আকরাম খান বলেন, ‘আমি চেষ্টা করছি যারা সাবেক অধিনায়ক আছে ও ক্রিকেটার আছে তাদের নিয়ে কাজ করতে। নান্নু আছে,দুর্জয় আছে, সুজন, সুমন এদের সাথে যোগাযোগ করবো। আরো যারা আছেন তাদের সাথেও যোগাযোগ করবো। আশা করি তারা সাথে থাকবে।’
করোনার প্রভাব ইতিমধ্যে দেশে পড়েছে। অনেক গরীব আর অসচ্ছল পরিবার এটাতে অনেক ক্ষতির মুখে পরবে। তাই তাদের কথা চিন্তা করে সবার এগিয়ে আসা উচিত।
