মেনন চৌধুরী »
প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে থমথমে পুরো বিশ্ব। এর বিস্তার ঠেকাতে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা।
বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি এরই মাঝে সব ধরণের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছে। ফলে চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লীগও বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ৬০ ক্রিকেটার। কারণ এই প্রিমিয়ার লীগের উপার্জনই তাদের সারা বছরের রুটিরুজি।
ঘরোয়া ক্রিকেটের দেশসেরা আইকন তুষার ইমরানও এই ৬০ জনের একজন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার প্রত্যাশা করছেন তাদের এই বিপদে বিসিবি কে পাশে পাবেন।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লীগ না হলে আমার মত অনেক ক্রিকেটারই বেকার হয়ে পরবেন। আমরা আশা করছি আমাদের এই দুঃসময়ে বিসিবি আমাদের পাশে দাঁড়াবে।’
লেগ স্পিনার জুবায়ের লিখনও প্রিমিয়ার লীগ বন্ধ হওয়ায় হতাশা ব্যক্ত করছেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে তিনি বলেছেন, ‘আমি বিগত কয়েক বছর ধরে ভালো দল পাচ্ছি না।এমনকি দল পেলেও এক প্রকার বিনামূল্যেই খেলতে হয়েছে।এ বছর পারটেক্সে যোগ দিয়েছিলাম।কিন্তু কিছু হওয়ার আগেই লীগটি থেমে গেল।আমি নিজেকে প্রমাণ করতে মুখিয়ে ছিলাম।কিন্তু সেটা আর সম্ভব হল না।’
করোনাভাইরাসের কারণে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সকল ধরণের ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
