সাকিব শাওন »
সারা বিশ্বে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের রোগী সেই হারে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যাটা। সকলে যাঁর যাঁর জায়গা থেকে সবটুকু চেষ্টা করেও কিছুতেই যেন রক্ষা পাওয়া যাচ্ছে না এটি থেকে।
এমন সংকটময় এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন অনেক তারকা ক্রিকেটার। এবার এই তালিকায় নাম লেখালেন ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারা।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের প্রতিনিয়ত সেবা দিয়ে সাহায্য করে যাওয়া ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছেন রবি বোপারা। ইংল্যান্ডে অবস্থিত বোপারার খাবারের দোকান স্যামস কিচেন থেকে যেকোনো সময় খাবার সরবরাহ করা হচ্ছে নার্স এবং চিকিৎসকদের।এমনটাই নিশ্চিত করেছে তাঁর প্রতিষ্ঠান সামস কিচেন।
করোনা ভাইরাসে অন্যান্য দেশের মতো ইংল্যান্ডেও আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।সব বড় প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই সময়। তাইতো রবি বোপারার খাবারের দোকানও চিকিৎসকদের পাশে এসে দাঁড়ালো।
