চিকিৎসক, নার্স, সেনাবাহিনীকে সাকিবের স্যালুট

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের বিপক্ষে পুরো বিশ্বের ন্যায় লড়ছে বাংলাদেশও। তবু ঠেকানো যাচ্ছে না এর সংক্রমণ। প্রতিদিনই নতুন কেউ না কেউ সংক্রমিত হয়ে যাচ্ছেন। সাধারণ ছুটি ঘোষণার থেকে শুরু করে বাধ্যে হয়ে সেনাবাহিনীকে পর্যন্ত মাঠে নামানো হয়েছে। এ ছাড়া চিকিৎসক ও নার্স যারা আছেন কর্মরত তারা জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও করোনা ঠেকাতে খেটে যাচ্ছেন দিন রাত। আর লড়াকু এ সকল মানুষকে সাকিব আল হাসান জানালেন স্যালুট। 

চীন থেকে শুরু হয়ে ইউরোপ ঘুরে বিশ্বভ্রমণের মতো করেই এবার বাংলাদেশ এসেও ঘাঁটি গেড়েছে মহামারি করোনাভাইরাস। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৩৯, আর মারা গেছেন ৪ জন।  এদিকে বুঝাই যাচ্ছে এই ভাইরাসটির প্রকোপ দিন দিন আরও বাড়বে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসান সব নিয়মকানুন সঠিকভাবে মেনে চলছেন। যুক্তরাষ্ট্রে গিয়েই ১৪ দিনের জন্য  স্বেচ্ছানির্বাসনে আছেন তিনি। নিয়ম মানতে দেখা করেননি নিজের মেয়ের সঙ্গেও। নিজের জন্মদিনটাও পালন করেন নি।

গতকাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তাদের, যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন। আমরা নিজেদের অবস্থান থেকে তাদের যেভাবে সাহায্য করতে যা পারি তা হলো—বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা এক সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারব। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »