নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের সংক্রামণের কারণে আজ বুধবার থেকে আগামী ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে পুরো ভারতবর্ষ। এই ভাইরাসের সংক্রামণের কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
আইপিএলের ভাগ্য নির্ধারণ করতে গতকাল মঙ্গলবার এক টেলিকনফারেন্সে আলোচনায় বসেছিল সব ফ্র্যাঞ্চাইজি দল। আপাতত আইপিএলের এবারের আসর এখন মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। এমনটাই নিশ্চিত করেছে ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম।
এদিকে জানানো হয়েছে আইপিএল বাতিল হলে কোনো ক্ষতিপূরণই পাবে না দলগুলো। আর এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের নিয়ম অনুসারে দৈব-দুর্ঘটনায় বাতিল হওয়া টুর্নামেন্ট থেকে ক্ষতিপূরণ দেবার নাকি কোনো ধারা নেই।
আর এজন্য ক্ষতিপূরণ না পাওয়ার শঙ্কায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ বিষয়ে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘ফ্র্যাঞ্চাইজি কোনো ক্ষতিপূরণ পাবে না আমাদের। এবার না হলে (বাতিল হলে) টাকা কোথাও যাবে না। এজন্য ক্ষতিপূরণের প্রশ্ন ওঠার সুযোগ নেই।’
তিনি আরো জানান এবার আইপিএল হওয়ার আশা ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ প্রসঙ্গে একটি দলের আরেক প্রতিনিধি জানান, ‘বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে আইপিএল এ বছর আর হচ্ছে না। আর এমন হওয়ার শঙ্কাই সবচেয়ে বেশি।’
এদিকে যদি আইপিএল বাতিল হয় তবে ২০০০ কোটি রুপিরও চেয়েও বেশি রাজস্ব হারাবে বিসিসিআই। আর ১০০ কোটি রুপি করে হারাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল। আর এখন যেমন অবস্থা চলছে বিসিসিআই আপাতত আইপিএল নিয়ে একদমই ভাবছে না।
বিসিসিআইয়ের একজন বড় কর্মকর্তা বলেন, ‘আইপিএলের ভবিষ্যৎ নিশ্চিত না। আমরা জানি না ভ্রমণে বাধ্যবাধকতা বা ভিসা নিষেধাজ্ঞা কবে উঠবে। আমরা কেউই জানি না সবকিছু কবে ঠিক হবে। তার আগ পর্যন্ত কিছুই বলা যাবে না।’
