সাজিদা জেসমিন »
বর্তমান পরিস্থিতিতে করোনা আতঙ্কে আতঙ্কিত সারা বিশ্ব। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে রোগী মৃত্যুর হার৷ সন্দেহভাজনরা রয়েছেন কোয়ারেন্টাইনে। সেই সাথে বেড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর এসব দেখে মর্মাহত হয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
হঠাৎ করেই বিনা কারণে দ্রব্যমূল্য বাড়ানো সকল ব্যবসায়ীদের ‘সত্যিকারের করোনা ভাইরাস’ বলেছেন রুবেল হোসেন। এমন অবস্থায় হঠাৎ করে মূল্য বাড়িয়ে দেওয়ার ব্যাপারটি অস্বাভাবিক রুবেলের কাছে। ক্ষোভ ঝেড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। সেখানে তিনি লোভী ও নির্মম জাতি হিসেবে অভিহিত করেন।
রুবেল তার পেজে লিখেছেন- “আমরা লোভী ও নির্মম জাতি । চায়নাতে অনেক বড় একটা বিপর্যয় গিয়েছে, মাস্কের দাম কমিয়ে দিয়েছিলো উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শোনার পরেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০\১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!
শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই সকল বীর সন্তানদের, যাদের মিলিত প্রচেষ্টায় আমরা এই স্বাধীনতা পেয়েছি। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই। কেন?”
অকারণে মূল্য বৃদ্ধিকারীদের প্রতি ধিক্কার জানিয়ে রুবেল লিখেন- “মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছেই। ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের, যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। তারাই আসলে দেশের করোনা ভাইরাস।”
রুবেল হোসেনসহ সবাই বর্তমানে ক্রিকেট থেকে দূরে আছেন। ভাইরাসের প্রভাব পড়েছে ভালোভাবেই ক্রীড়াঙ্গনে। করোনা ভাইরাস চলাকালীন সতর্কতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের ক্রিকেট। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে বলা হয়েছে সবাইকে।
