সাজিদা জেসমিন »
করোনাভাইরাসের প্রকোপের কারণে ক্রীড়াঙ্গনে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। প্রায় সবরকমের খেলাধুলাই সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্রিকেটেও এ-র প্রভাব পড়েছে অনেকটাই। এবার আইপিএল বন্ধের ব্যাপারেও তৎপর দেশটির সরকার। ভারতের পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা মিডিয়াকে এই কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এই ব্যাপারে আয়োজকদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আমাদের পক্ষ থেকে এই পরিস্থিতিতে এমন আয়োজন না করার উপদেশ থাকবে। কিন্তু এরপরেও যদি তাদের দ্বিমত থাকে,তবে সেটি তাদের সিদ্ধান্ত।’
আইপিএলের এবারের আসর পূর্বেই ১৭ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস আতঙ্কের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত এই আসরের স্থগিতাদেশ এসেছে।
আসর পিছিয়ে দিয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে বিসিসিআই। আসর বাতিল ঘোষিত হলে সেই অঙ্ক হবে আকাশছোঁয়া। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, আইপিএলের এবারের আসর বাতিল করলে ৩৮৬৯.৫ কোটি রুপি ক্ষতিপূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি সম্প্রচার খাতের হবে। যার পরিমাণ ৩২৬৯.৫ কোটি রুপি। এ ছাড়াও কেন্দ্রীয় এবং টাইটেল স্পন্সরশিপে লোকসান হতে পারে যথাক্রমে ২০০ কোটি এবং ৪০০ কোটি রুপি।
আইপিএল বাতিল না হয়ে স্বল্প পরিসরে হলে কিছুটা ক্ষতির হাত থেকে বাঁচতে পারে বিসিসিআই।
