সাজিদা জেসমিন »
করোনাভাইরাসের প্রকোপে আতঙ্কিত চারদিক। মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে ইতিপূর্বে স্থগিত হয়েছে পাকিস্তান সফর। এরপর আয়ারল্যান্ড সফরের ব্যাপারেও আসতে যাচ্ছে সিদ্ধান্ত। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে।
আগামী মে মাসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিলো বাংলাদেশ দলের। এরপর টি-২০ খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা ছিলো। কিন্তু বর্তমান সংকটে ইংল্যান্ডের পরিস্থিতি খারাপ থাকায় সিরিজ দুটিকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বিসিবি৷
এ নিয়ে আকরাম খান বলেন, “আমি শুরু থেকে বলেছি আমরা কোনোভাবেই ক্রিকেটারদের বিপদে ফেলতে চাই না। প্রয়োজনে আয়াল্যান্ড সফরের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। এই সমস্যা পুরো বিশ্বের। তাই পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে প্রস্তুত আছি।”
শুধু আয়ারল্যান্ড সফরে না, ক্রিকেটারদের নিরাপত্তার জন্যে যেকোনো সিরিজ বাতিলের ঘোষণা আসতে পারে এমনটা বলেন আকরাম। ক্রিকেটারদের জীবন নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি।
তিনি বলেন, “দেখুন, এরই মধ্যে পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটসমূহ বন্ধ করা হয়েছে। আশা রাখছি, দ্রুতই পুরো বিশ্ব এ ভয়াবহ বিপদ থেকে মুক্তি পাবে। তবে পরিস্থিতি যদি আরো খারাপ হয় সে ব্যাপারে আমরা সামনে যেকোনো সিরিজ স্থগিত করার ব্যাপারে সিদ্ধান্ত নিবো। কারণ এতে ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। আমরা তাদের কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে প্রস্তুত না।”
