নিউজ ডেস্ক »
পর্দা উঠেছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল)। ১ম ম্যাচে তারকায় ঠাসা বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছে তারুণ্য নির্ভর পারটেক্স স্পোর্টিং ক্লাব।
সকালে মিরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনীর দলপতি মুশফিকুর রহিম। আর আবাহনী লিমিটেডের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জিম্বাবুয়ের বিপক্ষে রানের ফোয়ারা ছড়ানো লিটন কুমার দাস ও নাইম শেখ।
তবে শুরুটা মোটেও ভালো হয়নি আবাহনীর। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রনি হোসেনের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইনফর্ম লিটন দাস। এর পর ২য় ওভারের ১ম বলে জয়নুল ইসলামের বলে উইকেটরক্ষক ধীমান ঘোষকে সহজ ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার নাইম শেখও।
দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া আবাহনীর হয়ে ব্যাট করতে থাকেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত ও চার নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু সুবিধা করতে পারেন নি শান্তও। ১২ তম ওভারের ৪র্থ বলে জয়নুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফিরে যান শান্ত। ৩২ বল থেকে মাত্র ১৫ রান এসেছে তার ব্যাট থেকে।
নিয়মিত উইকেট হারাতে থাকা আবাহনী পড়েছে ব্যাটিং বিপর্যয়ে৷ একপ্রান্ত থেকে দেখে শুনে বিপর্যয় কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলীয় অধিনায়ক মুশফিকুর রহীম।
এই প্রতিবেদন লেখার সময় ২৫ ওভার শেষে আবাহনীর সংগ্রহ ৫ উইকেটে ৯০ রান। মুশফিকুর রহীম ৪৫ ও মোসাদ্দেক হোসেন শূন্য রান নিয়ে ক্রিজে আছেন।
বঙ্গবন্ধু ডিপিএলে আজ মাঠে গড়িয়েছে একসাথে তিন ম্যাচ। বাকি দুই ম্যাচের মধ্যে সাভারের বিকেএসপি’র (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ৪ নম্বর গ্রাউন্ডে লিজেন্ডস অব রুপগঞ্জ মুখোমুখি হয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রাইম দোস্লেশ্বর স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।
