সাজিদা জেসমিন »
বাংলাদেশ ওয়ানডে দলে সদ্য নিযুক্ত হয়েছেন তামিম ইকবাল৷ অধিনায়কত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম৷ গণমাধ্যমের সামনে এসে জানালেন নিজের সব ইচ্ছে -অনিচ্ছার কথা৷ ভালো কিছুর জন্য তার সময় প্রয়োজন এটাও বলেছেন।
২০১৪ সালে মাশরাফির নেতৃত্বে এক অন্য রূপে পরিণত হয় বাংলাদেশ ক্রিকেট দল। একের পর এক সাফল্য হাতে ধরা দেয়। ২০১৫ সালে সেরা ক্রিকেট মৌসুম ছিলো বাংলাদেশ দলের। দলের সবার মধ্যে আত্মবিশ্বাস জন্মে ঐ সময়টায়। বর্তমান দলের মধ্যে সে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বড় দলের বিপক্ষে জয় চান তামিম। আর এটা সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন তামিম ।
তামিম বলেন, ‘অধিনায়কত্বের সিদ্ধান্ত বোর্ডের সম্মিলিত মতামতের ভিত্তিতে হয়। আমাদের বর্তমান সময়ে দুই-এক সিরিজের জন্য অধিনায়কত্ব করা কঠিন। দলে পার্থক্য আনতে চাইলে লম্বা সময়ের জন্য দায়িত্ব নেওয়া প্রয়োজন। ২০১৫ সালে পাকিস্তানকে পরাজিত করার পর আমরা আত্নবিশ্বাস পেয়েছি যে আমরা বড় দলকে হারাতে পারি৷ বর্তমান স্কোয়াডে অনেক তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আত্মবিশ্বাস ফিরাতে বড় একটি ম্যাচ জেতা প্রয়োজন।’
মাশরাফির অবর্তমানে কয়েকমাস আগেই শ্রীলঙ্কা সিরিজে অধিনায়কত্ব করেন তামিম৷ এ-র আগে মুশফিকের অবর্তমানেও একটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেন তামিম। তবে স্থায়ীভাবে দায়িত্ব পেয়ে নিজের অপারগতার কথা আগেভাগেই জানিয়ে দিলেন তামিম৷ লম্বা সময় পেলে ভালো কিছু করা সম্ভব এমনটা বলেন তিনি৷
তামিম বলেন, ‘সত্যি বলতে আমি অভিজ্ঞ নই৷ আমার সময় প্রয়োজন। অধিনায়কত্ব পাওয়ার পর পারফরম্যান্সে পরিবর্তন আসতে পারে। সমর্থকদের কাছে ধৈর্য্য কাম্য। আমাকে সময় দিতে হবে। আমি দলের জন্য যা ভালো হয় করবো। কয়েক ম্যাচ দিয়ে বিচার করা কঠিন।’
নিজের পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘দলকে শীর্ষ তিনে রাখতে চান। দলের সেরাটা বের করে আনতে চান। পারফরম্যান্স এবং অন্যান্য বিষয়ে উন্নতির পাশাপাশি কিভাবে ভালো হবে সেটা নিয়ে কাজ করতে চান। এবং সবার থেকে কিভাবে সেরাটা আনা যায় সেদিকে নজর দিতে চান।’
