নাফিসুল হক »
চারিদিকে চলছে করোনা আতংক। সারা দুনিয়ার সব কিছুতে বিপর্যয় নেমে আসছে। দর্শকশূন্য সিরিজ চলছে বিভিন্ন দেশে। বিভিন্ন দেশে সিরিজই বাতিল করে ফেলছে। এর মধ্যে ইংল্যান্ড ক্রিকেট দল শ্রীলংকা সফরে এসেছে। টেস্ট সিরিজ শুরুর আগে শ্রীলংকা প্রেসিডেন্সি একাদশের সাথে প্রস্তুতি ম্যাচ চলাকালীন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ড দ্বী-পক্ষীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে এই সিরিজ বাতিলের। পরে নতুন করে আলোচনা করে সিরিজের নতুন সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র জানান ” একরাতের আলোচনার মাধম্যে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আপাতত এই সিরিজ বন্ধ থাকবে। এই বিপদকালীন সময়ে আমরা চাই আমাদের খেলোয়াড় কর্মকর্তা সবাই নিরাপদে থাক। আমরা শ্রীলংকায় ব্রিটিশ হয় কমিশনের সাথে সর্বদা যোগাযোগ রাখছি। ”
যদিও শ্রীলংকায় করোনা আক্রান্তের হার ইংল্যান্ডের চেয়ে অনেক কম তবুও সতর্ক থাকতে চায় দুই দলই। প্লেয়ারদের মানসিক এবং শারীরিক দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে জুনে । তবুও ওই সিরিজ নিয়েও শংকায় আছে ইসিবি।
