নাফিসুল হক »
এই বছর অক্টোবর মাসে শুরু হচ্ছে চার ছক্কার জমজমাট আসর টি-টুয়েন্টি বিশ্বকাপ। এখনো প্রায় ৬মাস বাকি। কিন্তু বসে নেই কোনো দলই। নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এইবার এই সংস্করণের ৭ম আসর। আয়োজনের দায়িত্ব পেয়েছে অস্ট্রেলিয়া। এখন থেকেই ক্রিকেট বিশারদদের নানারকম আলোচনা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। সবাই সবার মতো করে পছন্দের দল ঘোষণা করছেন। কে হতে পারে টি-টুয়েন্টির রাজা তা নিয়ে ভবিষৎ বাণীর শেষ নেই।
এরই মধ্যে আলোচনায় এসেছেন ক্রিকেটের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড ব্রায়ান লারা। বর্তমানে নিরাপদ সড়কের জন্য একটি চ্যারিটি টুর্নামেন্ট খেলতে ভারতে আছেন তিনি। এরোই মধ্যে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে তার মতে সেরা তিন দল হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ,ভারত এবং তার নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ”আমার মনে হয় ভারত সেরাদের কাতারে থাকবে। অস্ট্রেলিয়া নিজের মাঠে সবসময় সেরা। যদিও আমি মনে করি বিশ্বকাপ সকলের জন্যই চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার মাথা ব্যথার কারন হতে পারে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ সেরা তবে চিন্তার কারণ অধারাবাহিকতা। আশা করি জমজমাট একটা টুর্নামেন্ট আমরা পেতে যাচ্ছি। ”
