মারুফ ইসলাম ইফতি »
বিশ্ব ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসর যথাসময়ে মাঠে গড়াচ্ছে কিনা তা জানা যাবে আগামী শনিবার জরুরী বোর্ড সভার পরই। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা ব্যাধি করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনে খুব ভালভাবে পড়েছে। করোনাভাইরাস আতঙ্কে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্ট ভেস্তে গেছে, সেই তালিকায় নতুন করে যোগ হওয়ার প্রবল সম্ভাবনা এবার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএলের।
করোনাভাইরাস আতঙ্কে আইপিএলের ১৩তম আসর অনেকটা অনিশ্চয়তার মুখে পড়েছে। ভারতে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর থেকে করোনাভাইরাস নিয়ে বেশ সতর্ক অবস্থানে দেশটি। তাই ইতিমধ্যে ভারতের হাইকোর্ট আসন্ন আইপিএলের ১৩তম আসর স্থগিত করতে রিট জারী করেছে। রিটের ফলাফলে আইপিএলের ভাগ্যে কি থাকছে সেটা জানার আগেই আইপিএল কর্তৃপক্ষ চাইছে জরুরী ভিত্তিতে কোন সিদ্ধান্তে আসতে। আর সেই লক্ষ্যে আগামী শনিবার (১৪ই মার্চ) আইপিএলের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরী বৈঠক ডেকেছে আইপিএল গভার্নিং কাউন্সিল। জরুরী সভা শেষে জানা যাবে আসন্ন আইপিএল নিয়ে কি সিদ্ধান্ত আসছে আয়োজন কমিটি থেকে। ধারণা করা হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসা পর্যন্ত আইপিএলের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে আইপিএল গভার্নিং কাউন্সিল থেকে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস যেভাবে বিস্তার লাভ করছে তা যেন ভারতে ওইভাবে বিস্তার লাভ করতে পারে সেই সতর্কতা থেকে আইপিএলের এবারের আসর স্থগিত করতে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেন ডি অ্যালেক্স বেনজিগার নামের একজন আইনজীবী। আগামী ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩তম আসরের পর্দা উঠার কথা।করোনাভাইরাস আতঙ্কে যথাসময়ে আইপিএল মাঠে গড়াচ্ছে কিনা সেই সংশয় থাকছেই।
