মারুফ ইসলাম ইফতি »
ইনজুরি কাটিয়ে আসন্ন ডিপিএল দিয়ে আবারো বাইশ গজে ফিরছেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
গত বঙ্গবন্ধু বিপিএল চালাকালীন সময়ে সিলেট থান্ডার দলের নেতৃত্বে থাকা এই অলরাউন্ডার কাঁধে চোট নিয়ে টুর্নামেন্টের মাঝপথ থেকে ছিটকে গিয়েছিলেন। কাঁধের চোটের কারনে পুনর্বাসনে থাকতে হয়েছিল ডানহাতি এই স্পিন অলরাউন্ডারকে। যার ফলে বিপিএলের পর পাকিস্তান সফর ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের। অবশেষে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে শতভাগ ফিট হয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন মোসাদ্দেক। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ডিপিএলে আগামী ১৫ মার্চ উদ্বোধনী দিনেই পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে আবাহনীর জার্সিতে মাঠে নামবেন এই ক্রিকেটার।
লম্বা সময় পর চোট কাটিয়ে মাঠে ফেরার ব্যাপারে একটি অনলাইন গনমাধ্যমকে মোসাদ্দেক জানান, ‘বিপিএলে আমার ৮ম ম্যাচে কাঁধে চোট পেয়েছিলাম। চোটের মাত্রা বেশি হওয়ায় আর মাঠে নামা হয়নি। এতদিন পুনর্বাসনে ছিলাম। এখন পুরোপুরি সুস্থ আছি। আজ দুই ঘন্টা নেটে ব্যাটিং করেছি,এর আগেও দুইদিন অনুশীলন করেছি। এবারের ডিপিএল দিয়ে অনেকদিন পর আবারো খেলায় ফিরবো।’
