বিয়ের পরে প্রথম ম্যাচের চাপ দমাতে পারেনি সৌম্যকে

মোহাম্মদ সোহেল »

কথায় আছে, বিয়ের পরে ছেলেদের পরিপক্বতা বাড়ে। দায়িত্ববোধ জন্মায়। ঠিক তারই প্রতিফলন ঘটালেন আজ সৌম্য সরকার। আজ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এক একটা চার ছক্কার সাথে সকল চাপ, শঙ্কা আছড়ে ফেলেছেন মাঠের বাইরে। খেলেছেন ৩২ বলে ৬২ রানের এক দায়িত্বশীল ইনিংস।

বিয়ের পরে প্রথম ম্যাচে খেলতে নামার আগে কেমন অনুভব করেছিলেন জানতে চাইলে সৌম্য বলেন, ‘চিন্তা করছিলাম বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি। তো ফোকাস বেশি ওইদিকে ছিল। ওই জিনিসটতো আমার হাতে নেই। আমিতো চাইলেই এটা চেঞ্জ করতে পারবো না।’

গত ২৬ শে ফেব্রুয়ারি বিয়ে করেছেন সৌম্য সরকার। বিয়ের পর পরই জিম্বাবুয়ের বিপক্ষে ৩য় ওয়ানডে ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন সৌম্য। কিন্তু ম্যাচটি খেলা হয়নি তার। বিয়ের পর আজই প্রথম মাঠে নামলেন নিজের পুরোনো জায়গা টপ অর্ডারে, যেখানে তিনি সবসময় খেলে থাকেন। তবে দলের প্রয়োজনে ৬/৭ নম্বরে ব্যাট করতে তার আপত্তি নেই।

এই প্রসঙ্গে সৌম্য বলেন, ‘আমি যেভাবে সব সময় খেলেছি উপরে যখন টিমের প্রয়োজন হয়েছে ৬-৭ এ খেলেছি। যে সময় যেখানেই খেলেছি, চেষ্টা করেছি নিজেকে প্রমাণ করার। অনেকদিন পরে যেহেতু এই জায়গায় নেমেছি, চেষ্টা করেছি নিজের জায়গাটা যেন ধরতে পারি। ওইটাই মাথায় ছিল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »