নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কায় আজ শুরু সন্ধ্যা ৬ টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি বন্ধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মিরপুরের হোম অব ক্রিকেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ।
মূলত বিশেষজ্ঞরা জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। আর এতেই ঠেকানো যেতে পারে করোনা ভাইরাস। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ভীড় জমাতে পারেন কয়েক হাজার দর্শক। আর এজন্যই বিসিবি জনসমাগম এড়াতে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। আজ ম্যাচের দিন সকাল থেকে টিকিট বিক্রি বন্ধ রেখেছে বিসিবি।
এদিকে যারা আগেই টিকিট কিনে ফেলেছেন, তারাই কেবল মাঠে প্রবেশের সুযোগ পাবেন। নতুন করে আজ টিকিট কিনে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ মিলছে না। ভয়াবহ এই মরণব্যাধি আক্রমণ থেকে বাঁচতেই বিসিবি এমন উদ্যোগ নিয়েছে আর এমন উদ্যোগের জন্য ভক্তরা কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও করোনা ছড়ানোর শঙ্কাটা থাকছে না।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘জনসমাগম বেশি হয় এমন জায়গা থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। সে জন্য সচেতনতার কথা চিন্তা করে আমরা টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছি যাতে প্রচুর জনসমাগম না হয়। আজ আর টিকিট দেয়া হচ্ছে না। এতে দর্শকরা কিছুটা হতাশ হলেও বৃহৎ স্বার্থে আমরা এমন ঝুঁকি নেইনি। যারা মাঠে আসতে পারছেন না তাদেরকে বিশেষভাবে টিভিতে খেলা উপভোগ করার অনুরোধ করছি।’
