নাফিসুল হক »
গতকাল বিসিবির বোর্ড সভায় সদ্য শূন্য হওয়া বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের নাম চূড়ান্ত করা হয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মাশরাফির স্থলাভিষিক্ত হন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে দলকে এর আগে নেতৃত্ব দেওয়ার ভালোই অভিজ্ঞতা আছে তামিমের। মাশরাফির অনুপস্থিতে শ্রীলংকার সাথে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এছাড়া বেশ কয়েকবার তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।
২০১৪ সালে বিসিবি মাশরাফির হাতে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়ে বেশ নির্ভার ছিল এতোদিন। কিন্তু সদ্য শেষ হয় জিম্বাবুয়ে সিরিজের মাধ্যমে ওয়ানডে অধিনায়কত্ব থেকে ইতি টানেন মাশরাফি। এতেই শূন্য পদের সৃষ্টি হয়। আর বোর্ডের সবার সম্মতিক্রমে তামিম ইকবালকেই বেছে নেওয়া হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে। তামিম দায়িত্ব পাওয়ার পর নিজেই জানিয়েছেন এই পথটা এতো সহজ নয়। উঁচু নিচু পথ। সাফল্য ব্যর্থতা থাকবে। কিন্তু তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং এর জন্য সমর্থকদের কাছ থেকে চাইলেন সমর্থন।
তবে সদ্য গত মাশরাফির অভাব পূরণ করাটা এতটাও সোজা হবেনা এটা মানেন তামিম নিজেও। কারণ নিজের নেতৃত্ব গুণ দিয়ে দলের চেহারায় পালটে দিয়েছিলেন তিনি। সমর্থকদের পাশে চেয়ে তামিম ইকবাল বলেন, ‘যে যাত্রাটা শুরু হলো সেখানে উচু নিচু থাকবে। আমরা সবাই চাই বাংলাদেশ ওয়ানডে দলকে সফল হতে দেখতে। যখন আমরা বিজয়ী হই তখন সেটা গোটা জাতির জন্য উদযাপনের কারণ হয়। আমি আশা করবো বোর্ড, মিডিয়া, সমর্থকরা আমাকে ভালো সময়ের পাশাপাশি কঠিন সময়েও সমর্থন করে যাবেন।’
এখন দেখার অপেক্ষা তামিম অধ্যায় বাংলাদেশ ক্রিকেটে কতটা রঙিন হয়!!
