এশিয়া একাদশে অনিশ্চিত কোহলি

নিউজ ডেস্ক »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার দুটি প্রীতি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে, এশিয়া একাদশ এবং রেস্ট অব দ্য ওয়ার্ল্ডের মধ্যকার দুটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার কথা ভারতের ছয় জন ক্রিকেটারের। আর এই ছয় ক্রিকেটারের তালিকায় রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং লোকেশ রাহুলদের মতো তারকা ক্রিকেটাররা। তবে এবার বিসিবি বস নাজমুল হাসান পাপন জানিয়েছেন ভিন্ন কিছু। তিনি জানান, এশিয়া একাদশের হয়ে কোহলির অংশগ্রহণ পুরোপুরি নিশ্চিত নয় এখনো। তবে লোকেশ রাহুল একটি ম্যাচে খেলবেন বলে এটা নিশ্চিত করেছেন বিসিবি বস।

রবিবারের বোর্ড সভা শেষে গতকাল বিসিবি প্রধান বলেন, ‘বিরাট কোহলিকে নিয়ে এখনো একটা সংশয় রয়েছে। আর এখানে কে এল রাহুল কেবল ২২ তারিখের ম্যাচটি খেলবে। একটা কথা ছিল বিরাট কোহলিও খেলবে। তবে এখন পর্যন্ত কোন নিশ্চয়তা আসেনি কোহলির ব্যাপারে। তাই এখনই আপনাদের বলতে পারছি না।’

তবে লোকেশ রাহুল একটি ম্যাচ খেললেও বাকি চার ভারতীয় ক্রিকেটার অর্থাৎ শিখর ধাওয়ান, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং ঋশভ পান্তদের দুটি ম্যাচেই দেখা যাবে বলে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘ভারতীয়দের মধ্যে শিখর ধাওয়ান, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ঋশভ পান্ত ওরা দুটি ম্যাচেই খেলবে। কিন্তু রাহুল খেলবে একটা ম্যাচ। আর এটা নিশ্চিত করা হয়েছে।’

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া দুই ম্যাচের এই সিরিজে বিশ্বের অনেক তারকা ক্রিকেটার অংশ নেবেন। বিশ্ব একাদশের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, জনি বেয়ারস্টো, শেল্ডন কর্টরেলদের মতো তারকা ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২১ ও ২২ তারিখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »