তামিম-লিটনের কাছে ভালো কিছুর প্রত্যাশা রিয়াদের

দুর্জয় দাশ গুপ্ত »

টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছুদিন থেকেই নিজের স্বভাবজাত ব্যাটিংটা করতে পারছেন না তামিম ইকবাল। মোট কথা ব্যাট হাতে ছন্দে নেই দেশসেরা এই ব্যাটসম্যান। আর গত কিছুদিন ধীর গতির ব্যাটিংয়ের কারণে বেশ সমালোচিত হয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তামিমের ব্যাপারে বেশ আশাবাদী। তাঁর বিশ্বাস ওয়ানডে সিরিজে যেভাবে হেসেছে তামিমের ব্যাট ঠিক সেভাবেই টি-টোয়েন্টিতেও নিজের স্বভাবজাত রূপে ফিরে আসবেন তামিম।

ছন্দে না থাকায় বেশ কিছুদিন ধরেই সমালোচনার পাত্র হয়েছিলেন তামিম। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দারুণ ভাবে কামব্যাক করেছেন তিনি। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও পরের দুই ম্যাচে তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি করে সমালোচনার জবাব দিয়েছেন ভালোভাবেই।

আগামীকাল থেকে ৯ মার্চ (সোমবার) হতে যাওয়া টি- টোয়েন্টি সিরিজেও পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখবেন এই অভিজ্ঞ ওপেনার এমনটাই আশা ভক্তদের। টি-টোয়েন্টি ফরম্যাটেও সন্তোষজনক স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবেন তামিম বলে এমন আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

গণমাধ্যমের সাথে কথা বলার সময় রিয়াদ জানান, ‘ওর (তামিম) স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হয়েছে। আমার মনে হয় সে যদি তার নিজের মতো করে ব্যাটিং করতে পারে তবে এই সিরিজে সেঞ্চুরি করার সামর্থ্য আছে। আর এসব নিয়ে আমি তেমন একটা চিন্তিত নই। তামিম রানে ফিরেছে, খুব ছন্দে আছে। তামিম টি-টোয়েন্টিতে আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহক। তামিম কীভাবে ব্যাটিং করবে নির্দিষ্ট করে সেটা নিয়ে কিছু বলা হয়নি। সে পিচ বুঝে ব্যাটিং করবে আর সেটা হলেই যথেষ্ট।’

এদিকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি আছে তামিম ইকবালের। ২০১৬ টি-টোয়েন্টি ওমানের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তবে তামিম ছাড়া আর কোনো ব্যাটসম্যানই এই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে নাম লেখাতে পারেননি।


তবে অধিনায়ক মাহমুদউল্লাহ’র আশা আসন্ন সিরিজেই এই অপেক্ষার অবসান হতে পারে। রিয়াদ বলেন, ‘যেভাবে তামিম-লিটন ব্যাটিং করছে আমি খুব আশাবাদী তাদের নিয়ে। তারা খুব সাবলীল ব্যাটিং করে আর তারা দুজনই সেঞ্চুরি করেছে। তারা যদি নিজেরা এভাবে ব্যাট করতে পারে তবে সেঞ্চুরি (টি-টোয়েন্টিতে) আর বকেয়া থাকবে না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »