নিউজ ডেস্ক »
আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২০ এর ফাইনালে ভারতকে ৮৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আর এ নিয়ে পঞ্চমবারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো অস্ট্রেলিয়ার মেয়েরা।
মেলবোর্নে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে অজি মেয়েরা। আর ১৮৫ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত পড়ে বিপাকে। শেষপর্যন্ত ১৯.১ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় হারমানপ্রীত করের দল। ফলে ৮৫ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া।
১৮৫ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করায় ১ম ওভারেই শেফালি ভার্মা প্যাভিলিয়নের পথ ধরেন। শেফালির বিদায়ের পর আঘাত পেয়ে মাঠ ছাড়েন তানিয়া। আর এতেই বিপর্যয়ে পড়ে ভারতের মেয়েরা। তানিয়া উঠে যাওয়ার পরে অধিনায়ক স্মৃতি মান্ধানা মাত্র ১১ রান করে বিদায় নিলে চাপে পড়ে ভারত।
মাত্র ৩০ রানের বিনিময়েই ৪ উইকেট হারায় ভারত। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন দীপ্তি শর্মা ও কৃষ্ণামূর্তি। তবে তাদের এ জুটি বড় হয়নি। কৃষ্ণামূর্তি ১৯ রান করে ফিরে গেলে ভাঙে এই দুজনের ২৮ রানের মাঝারি মানের জুটি। সব মিলিয়ে ১৯.১ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয় ভারতীয় মেয়েরা।
অস্ট্রেলিয়ার পক্ষে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট নেন স্কট। আর ২০ রানে ৩ উইকেট নেন জনাসেস।
