সাকিব শাওন »
মেলবোর্ন ও সিডনির ঐ ম্যাচের আয়োজকরা জানিয়েছেন, সাকিব ২৮ মার্চের প্রীতি ম্যাচটিতে দর্শক হিসেবে অংশ নেবেন। মূলত অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সাথে আয়োজনে একাত্মতা পোষণ করবেন বাংলাদেশি অলরাউন্ডার। শিশুদের সাথে সময় কাটাবেন, ক্রিকেট নিয়ে কথা বলবেন। তবে খেলা হবে না চ্যারিটি ম্যাচে। বিষয়টি নিশ্চিত করেছেন ইভেন্টের আয়োজক অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের সভাপতি সালেক সুফি।
তাদের আমন্ত্রণে সাকিবের পাশাপাশি এই আয়োজনে থাকবেন আরও কজন বাংলাদেশি তারকা। আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মুখোমুখি হবে মেলবোর্ন ও সিডনি। দাতব্য উদ্দেশে আয়োজিতব্য ম্যাচটির নামকরণ ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিভ্যাল। অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ম্যাচটি নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করছে।
আইসিসির কাছে জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ে প্রস্তাব পাওয়ার বিষয়টি না জানানোয় সাকিব আল হাসান আইন অনুযায়ী পেয়েছেন এক বছরের নিষেধাজ্ঞা, সাথে আছে আরও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। কিছু নিয়ম ও শর্ত মেনে চললে স্থগিত নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে। কিন্তু এক বছরের নিষেধাজ্ঞা ভোগ না করে কোনো উপায় নেই। তাই ২৯ অক্টোবরের আগে জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না সাকিব।
