শেষ বেলায় এসে অভিমান ভুলে যাবার অনুরোধ মাশরাফির

দুর্জয় দাশ গুপ্ত »

‘চলো বাংলাদেশ, খেলবে আমার দেশ’ বাংলাদেশের ক্রিকেট নিয়ে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ক্রিপটিক ফেইটের গানটা লাক্কাতুড়ার চা বাগান ঘেরা স্টেডিয়ামটাতে ফুল ভলিয়মে বাজছে। দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের কাঁধে চড়ে শেষ বারের মত মাঠ ত্যাগ করছেন অধিনায়ক মাশরাফি। গ্যালারী ভর্তি দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে বিদায় জানাচ্ছেন দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ককে। প্ল্যাকার্ড ভর্তি গ্যালারীতে ‘মাশরাফি..মাশরাফি’ চিৎকার। কেউ কেউ নিজেদের আবেগ সামলে রাখতে না পেরে চোখের জল ফেলছেন। ভক্তদের মনের চাপা অভিমান ফুটে উঠছে চোখে-মুখে। ২ নম্বর জার্সির মাশরাফি মাঠে ছিলেন কেবল একজন কিন্তু নিমিষেই সেটা পরিণত হলো পনেরো জনে।

এভাবেই বিদায় দেয়া হলো দেশের সেরা অধিনায়ককে। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তকমা পাওয়া মাশরাফি অধ্যায়ের অবসান হলো।

গত শুক্রবার অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা। তবে আশার কথা হলো অধিনায়কত্ব ছাড়লেও মাঠের ক্রিকেটকে এখনই বিদায় জানাচ্ছেন না ম্যাশ। লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও কিছু দিন করতে চান মাশরাফি।

এবার ভক্তদের উদ্দেশ্যে মুখ খুলেছেন বিদায়ী অধিনায়ক। গতকাল রাতে মাশরাফি বিন মোর্ত্তজা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। আর এমন স্ট্যাটাস দেখে কষ্টের সমুদ্রে ভাসছেন ভক্তকূল।

মাশরাফির স্ট্যাটাসটা ছিলো এমন,

‘শেষ বেলায় ভুলে যেও অভিমান।

মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।’

এমন আবেগঘন স্ট্যাটাস দেখে কমেন্ট বক্সে অনেক ভক্তই নিজেদের কষ্টের কথা জানিয়েছেন। কমেন্ট বক্সে এক ভক্ত লিখেন, ‘আপনার জন্য কোন অভিমান নেই ক্যাপ্টেন। আপনার জন্য কেবল ভালোবাসাই মানানসই। ক্যাপ্টেন আপনি ছিলেন,আছেন আর সবসময় হৃদয়ের মণিকোঠায় থাকবেন।

ইউ আর আওয়ার ক্যাপ্টেন
ইউ উইল বি অলওয়েজ আওয়ার ক্যাপ্টেন।
উই উইল ব্যাডলি মিস ইউ ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।’

আরেক ভক্ত দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ এর ‘জাদুকর’ গানের কয়েকটা লাইন মাশরাফিকে উৎসর্গ করেছেন।

এই ভক্ত লিখেন,

‘কোনো এক ভোরে মুখোশের জাদুকর

কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর

বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়

যুদ্ধ বা সন্ধিই পরিচয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »