সাকিব শাওন »
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়েও একটা আভাস ছিল অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাই যেতে পারেন পাকিস্তানে। কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডের আগেরদিন নিজেই সেই গুঞ্জন মাটি চাপা দিয়ে দেন, ঘোষণা দেন জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচই অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ। ফলে আজ (৮ মার্চ) বিসিবির বোর্ড সভায় নিশ্চিতভাবেই পাকিস্তান সফরের ওয়ানডে অধিনায়ক নিয়ে আলোচনা হবে।
আগে থেকে নির্ধারিত আজকের বোর্ড সভায় নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন অনেক আগেই। তবে মাশরাফির সরে যাওয়া বিষয়টাকে নিশ্চিতভাবেই করেছে আরও সহজ। ২০২৩ বিশ্বকাপ ভাবনায় এখনই অধিনায়ক নির্বাচনের জন্য উঠে পড়া লাগা বিসিবির কাজটা ভিন্নভাবে ভাবলে অবশ্য কঠিনই। কারণ আগামী ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানেরই নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ফলে সাকিবের জন্য অপেক্ষা করতে হলে বিসিবিকে নির্বাচিত করতে হবে স্বল্প মেয়াদের কোন অধিনায়ক।
বোর্ড সভায় নিজস্ব অভ্যন্তরীণ বিষয় আলোচনা হওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন সিরিজ নিয়েও আলোচনা হতে পারে। থাকতে পারে আসন্ন এশিয়া কাপসহ আইসিসির ইভেন্ট আয়োজনের পরিকল্পনার আলোচনা।
