তামিম ভাই বলছিলেন এমন কিছু করতে যেন সবাই মনে রাখেঃ লিটন

সাকিব শাওন »

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে অনেক রেকর্ড গড়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে রেকর্ড এবং বিশ্বে তৃতীয় ওপেনার ব্যাটসম্যান হিসেবে ২৯২ রানের জুটি গড়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। এই জুটি গড়ার পথে টাইগার ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেছেন লিটন।

সঙ্গী তামিমের পরামর্শেই এমন ইনিংস খেলেছেন বলে জানিয়েছেন এ হার্ডহিটার ব্যাটসম্যান।

অনবদ্য এক ইনিংসের পর ম্যাচ সেরার পুরস্কার পাওয়া লিটন জানান, তার ব্যাটিং সঙ্গী তামিম ইকবাল আগের রেকর্ডটা ভাঙতে উৎসাহ দিয়েছিলেন। তিনি বলেন, ‘৮০ রানের দিকে আমি একটু নার্ভাস ছিলাম। তামিম ভাই বলেছিলেন মেজাজ না হারাতে।’ মূলত এ কারণেই মাঝের দিকে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন তিনি।

লিটন সেঞ্চুরি করার পরপরই বৃষ্টি নামে। কার্টেল ওভারে কমে আসে ম্যাচের দৈর্ঘ্য। তখন নামার সময় কি বিশেষ কিছু বলেছিলেন তামিম? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার রান ১২০ পার হতেই তামিম ভাই বলেন, তার আগের সর্বোচ্চটা ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ আছে। তামিম ভাই বলেছিলেন, এমন কিছু করতে যা বাংলাদেশ ক্রিকেট দীর্ঘদিন স্মরণে রাখবে।’ এরপরই বের হয়ে আসে ধ্বংসাত্মক এক ইনিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »