সতীর্থরা ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’কে মনে রাখবেন সবসময়

সাকিব শাওন »

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে আজ,গতকাল তাই প্রস্তুতির ব্যাপারও ছিল। মাঠে অনুশীলন শেষে ক্রিকেটাররা জানালেন তাঁদের বক্তব্য। সবার কথায় ফুটে উঠেছে একজন অধিনায়ক মাশরাফির গল্প এবং এই দলে ও ক্রিকেটে তার অবদানের গল্প।

মুশফিকুর রহিম:- মাশরাফি ভাইয়ের পরিবর্তন কখনও আসবে না। পাশাপাশি এটিও বলব, মাশরাফি ভাই ছিলেন আমাদের পরিবারের একটি অংশ। শুধু আমাদের জন্য বড় ভাই-ই নন, মাশরাফি ভাই আমাদের একাংশ। অধিনায়ক হিসেবে তাকে অনেক মিস করব।

মাহমুদউল্লাহ রিয়াদ:- মাশরাফি ভাই যখন অধিনায়ক ছিলেন, ভাই, বন্ধু,সতীর্থ বা অধিনায়ক যাই বলেন, আমি পুরো সময়টা খুবই উপভোগ করেছি। প্রায় ৬ বছরের বেশি তিনি অধিনায়কত্ব করেছেন। অনেক সাফল্যও পেয়েছেন। উনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি এবং এটায় কোনো সন্দেহ নেই যে উনি বাংলাদেশের একজন কিংবদন্তি।

তামিম ইকবাল:- এত অল্প সময়ে মাশরাফি ভাইকে নিয়ে বলা কঠিন। বাংলাদেশ ক্রিকেটের জন্য উনি যা করেছেন তা কোনো ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, কিংবা বাংলাদেশের ক্রিকেটের সমর্থক কারও কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়। আমাদের সবার মনের ভেতর থাকা উচিত। ২০১৫ সালে আমরা একটি জায়গায় ছিলাম, ২০১৯ সালে একটা অবস্থায় এসেছি। উনার হাত ধরেই,আমার পক্ষ থেকে উনাকে শুভ কামনা জানাই। খেলোয়াড় হিসেবে তাকে এখনও পাবো আমরা।

লিটন কুমার দাস:-মিস তো করবই। বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা অধিনায়ক তিনি। ক্রিকেটারদের যেভাবে সমর্থন করে গেছেন, এটা বলার মতো নয়। বিশেষ করে আমার মতো জুনিয়র ক্রিকেটারদের। আমার যখন অভিষেক হয়, উনার নেতৃত্বে খেলেছি। আমার জন্য সেটি বড় পাওয়া। আমার পাশে থেকেছেন সবসময়। নতুন যারাই আসে দলে, সবাইকে সমর্থন করেন। অধিনায়ক যখন একজন ক্রিকেটারের এত জোর দিয়ে পাশে থাকে, সেটা অনেক বড় ব্যাপার। উনার ভেতর এই ব্যাপারটি অনেক বেশি আছে। আমরা তাকে অনেক মিস করব।

মোহাম্মদ মিঠুন:-আমরা সবাই জানি অধিনায়ক হিসেবে তিনি ক্রিকেটারদের কাছে কেমন ছিলেন। বড় ভাই হিসেবে তিনি অসাধারণ। আমরা যে কোনো সমস্যা হলেই তার কাছে যেতাম। তিনি বুদ্ধি দিয়ে হোক, নিজে চেষ্টা করে হোক, সবসময় যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করেছেন।

মুস্তাফিজুর রহমান:-ঘোষণা শোনার পর থেকেই মন খারাপ। এটার জন্য কোন ব্যাখ্যা নাই আমার কাছে। আমাকে তিনিই নিয়ে এসেছিলেন দলে। আমার মন এখনও খারাপ।

তাইজুল ইসলাম:-আমার ক্ষেত্রে শুধু বলব না, বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই মাশরাফি ভাইয়ের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। এদিক থেকে মাশরাফি ভাইয়ের সমর্থন অন্যরকম ছিল। অধিনায়ক বলেন আর ব্যক্তি মানুষ হিসেবে, আমরা তাকে অনেক মিস করব।

আল আমিন হোসেন: অধিনায়ক হিসেবে তো বাংলাদেশের সবচেয়ে সফল নাম তাঁর। তিনি যতদিন খেলেছেন আমাদের আগলে রেখেছেন। কখনও অভ্যন্তরীণ বা বাইরের নেতিবাচক বিষয়গুলো আমাদের বুঝতেই দেননি, তিনি দারুণভাবে সব সামলেছেন। অধিনায়ক হিসেবে কালকেই তার শেষ। আমি দোয়া করব, ভাই যেন খেলোয়াড় হিসেবে হলেও আরও কিছুদিন আমাদের সঙ্গে থাকেন।

মেহেদী হাসান মিরাজ:-অনেকগুলো ওয়ানডে খেলেছি। প্রায় ৪০টার মতো ওয়ানডে খেলা হয়েছে। যে কয়দিনই ছিলাম, খুবই আগলে রেখেছে সবাইকে। আমরা বেশিই মিস করব। বিশেষ করে আমরা যারা তাকে অল্প পেয়েছি। তারপরও যতটুকু পেয়েছি, নিজেকে সৌভাগ্যবান বলতে হয়। তার নেতৃত্বে খেলেছি, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল। অনেক সিরিজ জিতেছি তার নেতৃত্বে। অনেক মিস করব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »