অধিনায়ক মাশরাফি জানালেন বিদায়!

দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »

অধিনায়ক মাশরাফি বিদায় বলছেন আগামীকাল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচই হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মোর্ত্তজার শেষ ম্যাচ। এই ম্যাচের পরে খেলা চালিয়ে গেলেও অধিনায়ক হিসেবে আর তাকে দেখা যাবে না।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেটে এক সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন৷

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের আগে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি এ কথা বলেন।

গণমাধ্যমকে মাশরাফি বলেন, ‘আগামীকালই অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। আমার প্রতি লম্বা সময় ধরে আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার নেতৃত্বে যারা খেলেছে বাংলাদেশ দলে তাদের সকলকে। আমি নিশ্চিত যে, গত ৫-৬ বছরের এই যাত্রা মোটেও সহজ ছিল না। টিম ম্যানেজমেন্ট যারা ছিল, যাদের অধীনে আমি খেলেছি বা আমি অধিনায়কত্ব করেছি তাঁরা অনেক সহযোগিতা করেছে আমাকে। আমি এর আগেও দুই-তিন দফা অধিনায়কত্ব পেয়েছিলাম। কিন্তু ইনজুরির কারণে তা করতে পারিনি। আমার অধিনায়কত্ব হাথুরুসিংহ থাকার সময়ে শুরু হয়েছে পরে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »