দুর্জয় দাশ গুপ্ত »
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচের আগে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা অনন্য এক মাইলফলক সামনে দাঁড়িয়ে। কারণ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পায় তবে এই জয় হবে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক মাশরাফির ৫০তম জয়।
সেই ২০১০ সালে প্রথমবারের মত অধিয়ানকের দায়িত্ব পেয়েছিলেন ম্যাশ। কিন্তু হাঁটুর ইনজুরিতে পড়লে পারেননি সেই দায়িত্বে মনোনিবেশ করতে। এর বছর চারেক পরে আবার ২০১৪ সালে বাংলাদেশের ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেয়া হয় মাশরাফির কাঁধে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ৮৭ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এছাড়া অধিনায়ক বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দুইটি বিশ্বকাপেও। ক্যাপ্টেন ম্যাশ বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।
বাংলাদেশের প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা এসেছে মাশরাফির হাত ধরেই। এছাড়া দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ডটিও এখন তাঁর দখলে। ৮৭ ম্যাচে অধিনায়কত্ব দেয়া ম্যাশের হাত ধরে জয় এসেছে ৪৯টি ম্যাচে। আগামীকাল শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে তাই জয়ের ফিফটির অপেক্ষায় আছেন টাইগারদের এই দলপতি।

মাশরাফির পরে অধিনায়ক হিসেবে ওয়ানডে ফরম্যাটে সর্বাধিক জয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন। অধিনায়ক হিসেবে তাঁর সময়ে ৬৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ আর জয় এসেছে ২৯টি ম্যাচে। হাবিবুল বাশার সুমনের পরেরই তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টসবয় সাকিব আল হাসান। সাকিব ৫০ টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় আনতে পেরেছেন ২৩ টি ম্যাচে।
