সাকিব শাওন »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২ টি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২১ এবং ২২ মার্চ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
এ ম্যাচে এশিয়া একাদশের বিপক্ষে লড়বে বিশ্ব একাদশ। এশিয়া একাদশের হয়ে মাঠ মাতাবেন ৪ জন ভারতীয় ক্রিকেটার। আগেই জানা গিয়েছিলো ৪ ক্রিকেটার আসবেন খেলতে। এবার নাম প্রকাশ করেছে বিসিসিআই। এই চারজন হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, কুলদ্বীপ যাদব, এবং পেসার মোহাম্মদ শামি।
এদিকে মুজিব বর্ষের এই আয়োজনকে রাঙিয়ে তুলতে নানা ধরণের পদক্ষেপ নিয়েছে বিসিবি। যাঁরা মাঠে বসে খেলা দেখতে পারবে না তাঁদের কথা চিন্তা করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই খেলা সরাসরি দেখানো হবে। এই ম্যাচে এশিয়া একাদশের হয়ে বাংলাদেশি ৪ ক্রিকেটারের খেলার কথা রয়েছে। শীঘ্রই ২ দলের চূড়ন্ত স্কোয়ার্ড ঘোষণা হবে।
