দুর্জয় দাশ গুপ্ত »
বেশ কিছুদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন ওঝা।
এবার সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা। ক্রিকেট নিয়ে আগেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি গত এক বছরে ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি তাঁকে।
সর্বশেষ ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ওঝা। ৩৩ বছর বয়সেই এবার সব ধরণের ক্রিকেটকে গুডবাই জানালেন।
আজ শুক্রবার এক টুইট বার্তায় সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন ওঝা। ২০০৮ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের জার্সি গায়ে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় তাঁর। পরের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু হয় ওঝার।
এর পরের বছর অর্থাৎ ২০০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সাদা পোষাকে খেলতে নামেন তিনি। তিন ফরম্যাটের সবকটাতে অভিষেক হলেও টেস্টেই তুলনামূলক সফল ছিলেন তিনি। ২৪ টেস্ট ম্যাচ খেলে ১১৩ উইকেট আছে তার ঝুলিতে।
