শোয়েব আক্তার »
ক্রিকেট নিয়ে যেসব দেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের মধ্যে নেপাল অন্যতম। দেশের ক্রিকেট এগিয়ে নিতে নেপাল ক্রিকেট বোর্ড গেল তিন বছর ধরে আয়োজন করছে টি-২০ লিগ “এভারেস্ট প্রিমিয়ার লিগ বা ইপিএল।
নেপালের ঘরোয়া লিগের এবারের আসরে প্রথমবারের মত নাম লিখিয়েছেন টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা ক্যারিবিয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ইপিএলে পোখারা রাইনোসের হয়ে খেলবেন তিনি।
নেপালে খেলতে যাওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত গেইল। এক ভিডিও বার্তায় ইপিএল খেলতে মুখিয়ে আছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘নেপালের সবচেয়ে বড় টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে যাব আমি। আমার দল পোখারা রাইনোসকে সমর্থন করুন। ক্রিকেটের এই জমজমাট আসরের অংশ নিন।’
বয়সের সাথে পাল্লা দিয়ে পারফম্যান্সে ঘাটতি পড়ায় শোনা যাচ্ছিল, খুব তাড়াতাড়ি অবসরে চলে যাবেন এ ব্যাটিং গ্রেট। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে এসে গণমাধ্যম কর্মীদের জানিয়েছে, শীঘ্রই ক্রিকেট কে বিদায় বলছেন না তিনি। অন্তত আরও পাঁচ বছর এভাবেই খেলা চালিয়ে যেতে চান তিনি!
