শোয়েব আক্তার »
বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএলের প্লেয়ার ড্রাফট শেষ হয়ে গেলেও দল পাননি জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান। বিসিএলে অংশ নেওয়া চার দলের কোন দল-ই নিলামে সাব্বির রহমানের প্রতি আগ্রহ দেখায় নি!
বেশ কিছু দিন ধরেই জাতীয় দলে জায়গা হচ্ছে না এই মিডল ওর্ডার ব্যাটসম্যানের। গেল বিপিএলেও ব্যাট হাতে খুব একটা আলো ছড়াতে পারেন নি তিনি। তাই, ঘরোয়া ক্রিকেটেও একই পরিণতির দিকে এগোচ্ছেন সাব্বির রহমান। বিসিবি ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে সাব্বিরের বর্তমান ফর্মের কারণেই কোনো দল তাঁকে দলে নিতে চায় নি।
মূলত, জাতীয় লিগের ফর্ম বিবেচনা করেই বিসিএলের দল সাজায় ফ্যাঞ্জাইজি গুলো। সর্বশেষ জাতীয় লিগে সাব্বিরের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতো। পুরো আসরে মাত্র একটি ফিফটি করেন তিনি। বিপিএলেও ছিলেন অধারাবাহিক। এমনকি অফ ফর্মে থাকায় বাদ পড়েছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের একাদশ থেকেও। পুরো বিপিএলে ১১ ম্যাচে মাত্র একটি ফিফটি ছিল সাব্বিরের নামের পাশে।
সাব্বির রহমান ছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে দল পাননি আবু হায়দার রণি। বর্তমান সময়ে খুব ভালো ছন্দে ছিলেন না এই বাঁহাতি পেসারও। আরও চমকপ্রদ তথ্য হলো বিপিএলে ১৮ উইকেট নিয়ে আলোচনায় আসা আরেক বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ও দল পান নি!
বিসিএলে দল না পেয়ে অবাক হয়েছেন এই উদীয়মান তারকা।দল না পাওয়ার ব্যাপারে সাংবাদিকদের রানা বলেন: “জাতীয় লিগে ভালো খেললাম। বিপিএলে ভালো পারফর্ম করলাম। এরপরও দল না পেলে একটু তো খারাপ লাগবেই। দলে না নিলে আমার তো আর কিছু করার নেই।”
