মারুফ ইসলাম ইফতি »
অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে দুদলের বাইশ গজের লড়াই।বাংলাদেশ সময় আজ বিকেল তিনটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখামুখি হবে বাংলাদেশ।
তিন ম্যাচের এই টি-টুয়েন্টি সিরিজ রেটিং বাড়ানো ও র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ থাকছে টাইগারদের জন্য।রেটিংয়ের হিসেব বলছে এই সিরিজ থেকে পাকিস্তানের পাওয়ার তেমন কিছু না থাকলেও হারানোর আছে অনেক কিছু।অপরদিকে টাইগারদের জন্য মোক্ষম সুযোগ থাকছে রেটিং বাড়ানোর পাশাপাশি র্যাঙ্কিংয়েও এগিয়ে যাওয়ার।সিরিজ শুরুর আগে দুদলের র্যাঙ্কিংয়ের অবস্থানও আকাশ-পাতাল।
২৭০ রেটিং নিয়ে এই মুহুর্তে আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে পাকিস্তান, আপর দিকে ২২৭ রেটিং নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান নবম স্থানে।সিরিজ শেষে বাংলাদেশ যদি স্বাগতিকদের কাছে ধবলধোলাই হয় সেইক্ষেত্রেও দুদলের র্যাঙ্কিংয়ের অবস্থান থাকবে একই, তবে টাইগাররা যদি পাকিস্তানকে ধবলধোলাই করতে সক্ষম হয়ে সেইক্ষেত্রে
২ ধাপ এগিয়ে বাংলাদেশ চলে যাবে র্যাঙ্কিংয়ের ৭ম স্থানে এবং শীর্ষে থাকা পাকিস্তান নেমে যাবে ৩য় স্থানে।
একনজরে দেখা আসা যাক সিরিজ শেষে ফলাফল অনুযায়ী কার অবস্থান কোথায় থাকবে:
বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে: টাইগাররা যদি সিরিজের সবকটি ম্যাচ স্বাগতিকদের হারিয়ে দিতে সক্ষম হয় সেইক্ষেত্রে ২ ধাপ এগিয়ে টাইগাররা উঠে আসবে র্যাঙ্কিংয়ের ৭ম স্থানে, আর পাকিস্তান নেমে যাবে র্যাঙ্কিংয়ের ৩য় স্থানে।
বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে: র্যাঙ্কিংয়ের অবস্থান অপরিবর্তিত থাকবে টাইগারদের, তবে বাড়াবে ৬ রেটিং পয়েন্ট।অপরদিকে ২-১ ব্যবধানে বাংলাদেশের কাছে হারলে ৫ রেটিং হারিয়ে তালিকার শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে নেমে আসবে পাকিস্তান।
পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে: বাংলাদেশকে ধবলধোলাই করলেও শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি পাকিস্তানের ঝুলিতে যোগ হবে মাত্র ১ রেটিং।অপরদিকে টাইগারদের অবস্থানও আগের ৯ম স্থানেই অপরিবর্তিত থাকবে।
পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জিতলে: টাইগারদের বিপক্ষে যদি ১ ম্যাচ হেরে বাকী দুই ম্যাচ জিতে সিরিজ জয়লাভ করে পাকিস্তান সেক্ষেত্রেও রেটিং ও শীর্ষস্থান খোয়াতে হবে পাকিস্তানকে।টাইগারদের বিপক্ষে ১ ম্যাচ হারলে ২ রেটিং হারিয়ে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে নেমে যেতে হবে পাকিস্তানকে।
