কে এম আবু হুরায়রা »
এবারের বিপিএলে বাংলাদেশের সবথেকে বড় প্রাপ্তি হলে বেশ কিছু ওপেনার বেরিয়ে এসেছে। মিরাজ থেকে শুরু করে লিটন-সৌম্য পর্যন্ত সবাই ভালো খেলেছেন৷ আফিফ, লিটন, সৌম্য, মিরাজ, শান্ত সবাই গত বিপিএলে ছিলেন উজ্জ্বল। তাও আবার ওপেনিং পজিশনে৷ এ এক মধুর সমস্যাই বোর্ডের জন্য।
এর আগে প্রধান কোচ রাসেল ডামিঙ্গো জানিয়েছিলেন, সৌম্য ৬ অথবা ৭ নং পজিশনে এবং আফিফ ৩ অথবা ৪ নং পজিশনে খেলবেন৷ বাকিদের নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানে উড়াল দেওয়ার আগে হয়তো সেটিও সেরে নেবে দল।
তবে গতকাল প্র্যাকটিসের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে শান্ত জানান পজিশন কোন চিন্তার বিষয় নয়। পেশাদার ক্রিকেটে যে কোন পজিশনেই প্রস্তুত থাকতে হয়৷
শান্তর ভাষায়, ” পজিশন নিয়ে কোন চিন্তা নেই। দলে যেহেতু সুযোগ পেয়েছি, যেকোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত। যেখানে খেলবো চেষ্টা করবো ভালো ব্যাটিং করার। “
যেকোনো পজিশনে ব্যাটিং করা নিয়ে তিনি বড় ব্যাটসম্যানদের কথা মনে করে বলেন, ” সাধারণত আমি টপ অর্ডারে ব্যাটিং করি৷ সেটা করতে পারলে ভালো৷ তবে পেশাদার ক্রিকেটার হিসেবে যেখানে নামবো যেকোনো পজিশনে রান করা উচিৎ। বড় ক্রিকেটাররা যেকোনো পজিশনে ব্যাটিং করে রান করার সক্ষমতা রাখেন। ওভাবেই আমি চিন্তা করছি। যেখানেই সুযোগ আসে পারফর্ম করার চেষ্টা করবো।”
